নববর্ষে পঞ্চগড়ের সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা
‘ইচ্ছা হচ্ছিল, মাকে জড়িয়ে ধরি। কাঁটাতারের ফাঁক দিয়ে অনেক চেষ্টা করছিলাম। কিন্তু পারলাম না।’ পঞ্চগড়ের অমরখানা সীমান্তে মাকে দেখতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নজরুল ইসলাম। নজরুল মাকে জড়িয়ে ধরতে না পারলেও ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিলেন মা নজিমা খাতুন। ছেলে মায়ের হাত ধরে দোয়া চাইলেন। মা বললেন, ভালো থাকো, সুখে থাকো। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভাউতিয়াপাড়া গ্রাম থেকে মাকে দেখতে ছুটে এসেছেন নজরুল। আর মা নজিমা এসেছেন পঞ্চগড় সদর উপজেলার বোর্ড অফিস এলাকা থেকে। শুধু নজিমা আর নজরুলই নন। গত রোববার তাঁদের মতো হাজারো মানুষ স্বজনদের একনজর দেখতে ছুটে গিয়েছিলেন ওই সীমান্তে। অমরখানা সীমান্তে ৭৭৩, ৭৪৪ ও ৭৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের মাঝে প্রায় চার কিলোমিটার সীমান্তজুড়ে গত রোববার পয়লা বৈশাখ দুই বাংলার মানুষের এই অনানুষ্ঠানিক মিলনমেলা চলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত। স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর তাঁদের অনেক আত্মীয়স্বজনের বাড়িঘর ভারতীয় অংশে পড়ে। ফলে অনেকেরই আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ কারণে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অলিখিত সমঞ্চতিতে প্রতিবছর বাংলা নববর্ষের প্রথম দিনে সীমান্ত এলাকায় গিয়ে তাঁরা দেখা করার সুযোগ পান। যাঁরা অর্থাভাবে পাসপোর্ট-ভিসা করাতে পারেন না, সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় থাকেন তাঁরা। অমরখানা এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পয়লা বৈশাখ ভোর থেকে দুই দেশের বিভিন্ন এলাকার লোকজন সেখানে জড়ো হন। কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। কেউ কেউ কাঁটাতারের ওপর দিয়ে আত্মীয়স্বজনদের বিস্কুট, চানাচুর, সিগারেটের প্যাকেট ও ঠান্ডা পানীয়র বোতল ছুড়ে দিয়েছেন। পঞ্চগড় শহরের মসজিদপাড়ার ১০ বছরের লিমা এসেছিল নানাকে দেখতে। নানা বশিরউদ্দিনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ভাঙ্গামালী গ্রামে। লিমা বলে, নানা ও মামার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি। কিন্তু কাঁটাতারের বেড়ার কারণে ছুঁয়ে দেখতে পারিনি। পঞ্চগড় শহরের রাজনগর থেকে আসা হুসনে আরা বাবা ও চাচার সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি। পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম জানান, স্থানীয় মানুষের অনুরোধে এবং বিএসএফের সঙ্গে আলোচনা করে কাঁটাতারের বেড়ার পাশে শূন্য রেখায় স্বল্প সময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।