
সারা দেশে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত-ভাবে বাংলা নববর্ষ উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নববর্ষে পুরোনো জঞ্জাল ধুয়ে-মুছে বাঙালির জীবনে নবযাত্রা শুরু হবে।
সোমবার পয়লা বৈশাখ বিকেলে প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এ সময় দেশে ও প্রবাসে বসবাসরত সব বাঙালিকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানান এবং সবার মঙ্গল কামনা করেন।
শেখ হাসিনা এ সময় বলেন, ‘যতই দিন যাচ্ছে, উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে এই দিনটি পালিত হচ্ছে। প্রতিটি জায়গায় খোঁজ রেখেছি। সারা দেশের মানুষ উৎসাহ-উদ্দীপনা ও নিরাপদে এ উৎসব পালন করছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ছোট-বড়, আবালবৃদ্ধবনিতা প্রত্যেকে এই উৎসবে শামিল হয়েছে। বাঙালির জীবন নববর্ষের আলোয় উদ্ভাসিত হোক, এই কামনা করি।’
অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মিষ্টি ও অন্যান্য খাবারে আপ্যায়ন করা হয়।
শুভেচ্ছাবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং উপ-প্রেস সচিব আশরাফুল আলম সোমবার সকালে মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে ফল ও মিষ্টি পৌঁছে দেন।