নববর্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী
বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন পয়লা বৈশাখ। অতীতের ভেদাভেদ ভুলে সুন্দর ভবিষ্যৎ গড়তে নববর্ষ সবাইকে অনুপ্রাণিত করবে।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, লোকায়ত বাঙালি সংস্কৃতির এই বর্ণাঢ্য উৎসব প্রাণে প্রাণে নতুন উদ্যম সঞ্চারণের প্রেরণা। বাংলা নববর্ষ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার আধার। এই চেতনা নস্যাৎ করার কোনো অপচেষ্টা অতীতে সফল হয়নি। এটি আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তিনি নতুন বছরে সবার কল্যাণ কামনা করেন।বিরোধীদলীয় নেত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পয়লা বৈশাখের মুখরিত আনন্দে স্বজাতির লোকজ ঐতিহ্যের পরম্পরা ফুটে ওঠে। তিনি বিগত বছরের হতাশা-গ্লানি, ক্লান্তি-অবসাদ অতিক্রম করে নতুন বছরে নতুন উদ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় রাষ্ট্রপতিও তাঁকে শুভেচ্ছা জানান।