নববর্ষে মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
বাংলার আবহমান সংস্কৃতির লালিত ঐতিহ্য-আদর্শ সামনে রেখে নতুন বছরে সব ধরনের ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন একটি অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা।
গতকাল মঙ্গলবার সম্মিলিত সামাজিক আন্দোলন চৈত্রসংক্রান্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। শাহবাগে বাংলাদেশ টেনিস ফেডারেশন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন বছরকেও স্বাগত জানানো হয়।
সংগঠনের সভাপতি অজয় রায় বলেন, হিজরি কিংবা খ্রিষ্টীয় বর্ষের মতো বাংলা নববর্ষ কোনো ধর্মীয় ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা বাংলার নিজস্ব সৃষ্টি। এর আবেদন যে কতটা সার্বজনীন, সেটা পয়লা বৈশাখে সারা দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলেই বোঝা যায়। অথচ এই পয়লা বৈশাখকে প্রতিহত করতে বলেছে শাসক দলের সঙ্গে যুক্ত আওয়ামী ওলামা লীগ। আওয়ামী লীগ কিন্তু এখনো বলেনি যে ওই সংগঠন তাদের নয়।
অজয় রায় বলেন, ‘এটা কোনো সভ্য দেশের কথা হতে পারে না যে মতামত পছন্দ না হলে আমার ওপর ঘাতকের খড়্গ নেমে আসবে। নতুন বছরে সব সুন্দরের জন্য, সত্যের জন্য এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
সংস্কৃতি মঞ্চ ও আনন্দন-এর শিল্পীরা হাসন রাজা, জসীমউদ্দীন, নজরুলের গানসহ বাংলার বিভিন্ন অঞ্চলের লোকগান পরিবেশন করেন।
মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় ধর্মান্ধ ও অস্ত্রবাজ মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুই দিন আগেই নাজিম উদ্দিন নামের ছেলেটিকে মারা হলো অনেক মানুষের সামনে। অভিজিৎকেও তাই। অথচ একটা লোকও এগিয়ে এল না। এটাই সবচেয়ে দুঃখের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক বিচারপতি এবাদুল হক ও খোন্দকার ইব্রাহিম খালেদ।