নববর্ষে যাত্রীদের ফুল আর পুরস্কার দেবে রেল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষে রেলের যাত্রীদের জন্য বিশেষ আয়োজন করেছে রেল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ঢাকার কমলাপুর থেকে সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি, সিলেট পথের পারাবত ও দিনাজপুরের তিস্তা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্রত্যেককে একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি কামরায় একজনকে র্যা ফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আর পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে র্যা ফেল ড্র করে একজনকে দেওয়া হবে মেগা পুরস্কার।
ঢাকার বাইরে সিলেট থেকে ঢাকামুখী কালনী এক্সপ্রেস ও কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের যাত্রীদের একটি করে রজনীগন্ধার স্টিক উপহার দেওয়া হবে। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহীসহ রেলের বড় স্টেশনগুলোতেও কিছু ট্রেনের যাত্রীদের নববর্ষের শুভেচ্ছা জানানো হবে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ সকালে রেলের মহাপরিচালক আমজাদ হোসেন উপস্থিত থেকে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। উৎসবের দিনে যাত্রীদের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগি করাই মূল উদ্দেশ্য।