নববর্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বলেছেন, নববর্ষ উৎসবের মধ্যে জাতির আত্মচেতনা ও সাংস্কৃতিক পরিচয় নিহিত রয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। জাতির চিরকালীন ঐতিহ্য কেউ নস্যাৎ করতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, ‘বাংলা নববর্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ পরস্পর সম্পর্কযুক্ত। বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা প্রগতি এবং অগ্রগতির দিকে ধাবিত হচ্ছি।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাণীতে বলেছেন, ‘আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশালত্ব, শাশ্বত প্রাচীনতা পবিত্র এক অচ্ছেদ্য বন্ধনে। তাই পয়লা বৈশাখের দিন এক উদ্দীপ্ত প্রেরণায় জেগে ওঠে জাতির আত্মপরিচয়।’