নববর্ষে লাঞ্ছিত নারীদের সহায়তা দেবে মহিলা আইনজীবী সমিতি
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। পাশাপাশি ওই ঘটনার শিকার নারীদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে সমিতি।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা এবং আইনের প্রয়োজনীয়তা’ বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির নির্বাহী পরিচালক সালমা আলী।
সালমা আলী বলেন, যৌন হয়রানি প্রতিরোধে ২০০৬ সালে উচ্চ আদালত কয়েক দফা নির্দেশনা দিয়েছেন কিন্তু ওই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব রয়েছে। এ কারণেই বার বার একই ধরনের ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ‘অতীতেও দেখা গেছে, নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির কার্যক্রম কয়েক দিনের মধ্যে স্তিমিত হয়ে পড়ে। সময়ের আবর্তনে সাধারণ মানুষ, মিডিয়া ও সুশীল সমাজের কাছ থেকে বিষয়টি হারিয়ে যায়।’
ওই ঘটনায় পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা ও তাঁদের দায়িত্বহীন বক্তব্যে হতাশা প্রকাশ করেছে সমিতি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে সালমা আলী বলেন, ‘জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বহীন বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সময় পুলিশের ভূমিকা বিশ্লেষণ করলে দায়িত্বে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হতো।’
নারী অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নিরাপদ ও যৌন হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিচার বিভাগ, গণমাধ্যম, শিক্ষক, করপোরেট সেক্টর, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং অন্যান্যদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করার দাবি জানায় সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এ ছাড়া যৌন হয়রানি বন্ধে সময়োপযোগী পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করারও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, সেক্রেটারি হাসিনা রশিদ ও লিগ্যাল এইডের পরিচালক তৌহিদা খন্দকার উপস্থিত ছিলেন।
আক্রান্তদের আইনগত সহায়তা দেবে সমিতি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের শিকার ওই নারীদের আইনগত সহায়তা দেওয়ার কথা জানানো হয়। এ ক্ষেত্রে ওই নারীদের পরিচয়ও গোপন রাখার কথা বলা হয়। তাঁদের সহায়তা নিতে প্রয়োজনে ০১৭১১৮০০৪০০,০১৭১১৮০০৪০১, ০১৭১১৮০০৪০৬-৭ এই মোবাইল নম্বরগুলোতে ফোন করা যাবে।