নববর্ষে সীমান্তে বসেছিল মিলনমেলা
স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও জমে থাকা কথা জানাতে গত শনিবার পঞ্চগড়ের অমরখানা সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্তে বসেছিল দুই বাংলার মানুষের মিলনমেলা। পয়লা বৈশাখ উপলক্ষে উভয় প্রান্তের কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হয় ওই সীমান্তে। দুপুর ১২টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ মিলনমেলা।সরেজমিন দেখা গেছে, অমরখানা সীমান্তে ৭৪৩ ও ৭৪৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের মধ্যে কাঁটাতারের বেড়ার এপারে কয়েক হাজার বাংলাদেশি। ওপারেও প্রায় সমানসংখ্যক ভারতীয় বাঙালি। তারা পরস্পরের সঙ্গে কথা বলা ও কুশলাদি বিনিময় করছে। কাঁটাতারের ওপর দিয়ে উপহার সামগ্রী ছুড়ে দিচ্ছে একে অপরকে। স্বজন ও পরিচিতদের দেখে আবেগে কেঁদে ফেলে অনেকেই।স্থানীয় সূত্রে জানা যায়, উভয় দেশের সাধারণ মানুষ, যারা অর্থাভাবে পাসপোর্ট-ভিসা করতে পারে না, তারা এ দিনটির অপেক্ষায় থাকে। বাংলা নববর্ষে তারা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে। ভারতের জলপাইগুঁড়ি জেলার ভীমভিটায় থাকা মেয়ে সূর্যবালার সঙ্গে দেখা করতে এসেছিলেন তেঁতুলিয়ার শালবাহান এলাকার ধর্মকান্ত রায় (৮০)। ৪০ বছর পর মেয়েকে দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। দেবীগঞ্জের মানিকশ্বরী ও পিপি রানী ৪২ বছর পর ভারতের কলকাতায় থাকা মায়ের সঙ্গে দেখা করতে পেরে কান্নায় ভেঙে পড়েন। ওপারে মা ননীবালাও (৮০) কাঁদছিলেন।কংগ্রেসের জলপাইগুঁড়ি জেলার রাজগঞ্জ থানা কমিটির সভাপতি মিঠু রায় জানান, ১৯৪৭ সালে দেশ বিভক্তির কারণে তাঁর মতো অনেকের আত্মীয়স্বজন দুই দেশে থেকে গেছে। তিনি প্রতিবছর পয়লা বৈশাখ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা ও কুশল বিনিময়ের এ সুযোগ অব্যাহত রাখার জন্য বিএসএফ ও বিজিবির প্রতি আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের জলপাইগুঁড়ি জেলার রাজগঞ্জ থানা কমিটির সভাপতি খগেশ্বর রায় জানান, এ সুযোগ অব্যাহত থাকা উচিত।