নববর্ষে ‘সম্প্রীতি বন্ধনের’ ডাক গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার বাংলা নববর্ষে সারা দেশে তিন মিনিট ‘সম্প্রীতি বন্ধন’-এর ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। বিকেল সাড়ে পাঁচটা থেকে পাঁচটা ৩৩ মিনিট পর্যন্ত তিন মিনিট যে যেখানে থাকুন, পাশের মানুষের হাত ধরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মঞ্চ।সন্ধ্যা সাড়ে সাতটায় সব অপশক্তির বিরুদ্ধে সারা দেশে জ্বালানো হবে মঙ্গলপ্রদীপ। গণজাগরণ মঞ্চ এ কর্মসূচির নাম দিয়েছে ‘আলোকের এই ঝর্নাধারায়’। মোমবাতি জ্বালিয়েও এ কর্মসূচিতে অংশ নেওয়া যাবে। গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগের গণজাগরণ মঞ্চে সাংবাদিকদের কাছে এ কর্মসূচি ঘোষণা করেন মুখপাত্র ইমরান এইচ সরকার। ধর্ম-বর্ণনির্বিশেষে নারী, পুরুষ, শিশু সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। নববর্ষের দিন আজ সকাল ছয়টায় গণজাগরণ মঞ্চ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে যোগ দেবে। পরে সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে তারা। বিকেল চারটার দিকে শুরু হবে মঞ্চের মূল অনুষ্ঠান। ফটিকছড়িতে তাণ্ডবের ঘটনায় নিহত তিনজনকে ‘শহীদ’ আখ্যায়িত করে ইমরান এইচ সরকার বলেন, ‘শহীদদের কসম খেয়ে বলছি, এ আন্দোলন আরও বেগবান হবে। আরও তীব্রভাবে আন্দোলন সবখানে ছড়িয়ে দেওয়া হবে।’ গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ফটিকছড়ির ঘটনায় আবার প্রমাণিত হয়েছে, জামায়াত-শিবির চক্র কতটা ভয়ংকর। তারা মসজিদ ও মসজিদের মাইক ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, গণজাগরণ মঞ্চ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধের যে দাবি তোলা হচ্ছে, তার যৌক্তিকতা আবার প্রমাণিত হলো। বিকেল থেকে গণজাগরণ মঞ্চে চৈত্রসংক্রান্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল, জারি, সারি, ভাওয়াইয়া ইত্যাদি লোকজ গান গেয়ে শোনান শিল্পীরা। এ ছাড়া ছিল পুঁথি পাঠ, আবৃত্তি ও নাচ।