নববর্ষের অনুষ্ঠানে শ্লীলতাহানির ঘটনায় আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল মঙ্গলবার বর্ষবরণ উৎসবে প্রায় ২০ জন নারীর শ্লীলতাহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসক বলেছে, এই ঘটনা ও উগ্র তৎপরতা নারীদের স্বাভাবিক চলাফেরায় বাধার সৃষ্টি করেছে।
আজ বুধবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তদন্ত করে দায়ী লোকজনের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আসক উল্লেখ করেছে, গতকাল সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের গেটে প্রায় ৩০ জনের একটি দল বিভিন্নভাবে নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ছাড়া চানখাঁরপুল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। আসক বলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের সঙ্গে থাকা কয়েকজন কর্মী এতে জড়িত ছিল বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
আসক বলছে, দেশের সংবিধান নাগরিকদের অবাধ চলাফেরা এবং শান্তিপূর্ণভাবে জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার নিশ্চিত করে। ঐতিহ্যবাহী একটি উৎসবে নারীদের সঙ্গে অপ্রীতিকর আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ও সতর্কতামূলক পদক্ষেপের ক্ষেত্রে নিষ্ক্রিয়ভাব এই সাংবিধানিক সুরক্ষার পরিপন্থী।