নববর্ষের আগে উৎসব ভাতা পেলেন না ৫০০ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। দেশ মেতেছে উৎসবে। এ উপলক্ষে সরকার উৎসব ভাতা দিয়েছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত উৎসব ভাতা পাননি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯৭ জন শিক্ষক।
ভাতা না পাওয়া একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উৎসব ভাতা তোলার জন্য গতকাল ব্যাংকে চেক জমা দিয়ে জানতে পারেন, তাঁদের ব্যাংক হিসাবে কোনো টাকা জমা হয়নি। পরে উপজেলা শিক্ষা কার্যালয় ও হিসাবরক্ষণ কার্যালয়ে খোঁজ নিয়েও এর কোনো সমাধান পাননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘আমি গত ৭ এপ্রিল উপজেলা হিসাবরক্ষণ অফিসে বিল জমা দিয়েছি। আমার অফিস সহকারী শেখ শাহ আলম ও আতিয়ার রহমান বিল তৈরি করতে গিয়ে হিসাবে ভুল করায় ১২ এপ্রিল উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে বিলের কাগজ ফেরত পাঠানো হয়েছে। হিসাবরক্ষণ অফিস যদি আরও আগে বিলের কাগজ ফেরত পাঠাত, তাহলে তা সংশোধন করে শিক্ষকদের ভাতা দেওয়া সম্ভব হতো।’
তবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমিরুল হক বিশ্বাস বলেন, ‘শিক্ষকদের উৎসব ভাতার বিলের কাগজ আমার দপ্তরে ৭ এপ্রিল নয়, ১২ এপ্রিল পৌঁছেছে। ওই দিনই আমরা তা শিক্ষা অফিসে পাঠিয়েছি। তাঁরা সময়মতো বিলের কাগজ সংশোধন করতে ব্যর্থ হওয়ায় শিক্ষকেরা ভাতা উত্তোলন করতে পারেননি।’