নববর্ষের আবহে ভাষার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত ভাষা প্রতিযোগের প্রশ্নোত্তর পর্বে মঞ্চে বসা শিক্ষকদের কাছে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: হাসান মাহমুদ
পাবনা জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত ভাষা প্রতিযোগের প্রশ্নোত্তর পর্বে মঞ্চে বসা শিক্ষকদের কাছে প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: হাসান মাহমুদ

বাংলা নতুন বছরের দ্বিতীয় সকাল। দোয়েল, প্যাঁচা, হাতি, ঘোড়াসহ নানা মুখোশের সঙ্গে রঙিন বর্ণমালায় সজ্জিত পাবনা জিলা স্কুল। ঢোল আর ঢাকের বাদ্যে মুখর চারপাশ। ভাষা প্রতিযোগে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সরব উপস্থিতিতে উৎসবমুখর প্রাঙ্গণ। যেন নববর্ষের মঙ্গলবার্তা নিয়ে হাজির সবাই।
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে নয়টা। ঢোল-ঢাক থেমে বেজে ওঠে বন্ধুসভার বন্ধুদের কণ্ঠে জাতীয় সংগীত। জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধন হয় এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ পাবনা অঞ্চলের অনুষ্ঠান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন আবদুল আলীম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আল নকীব চৌধরী বলেন, ‘মাতৃভাষা হচ্ছে মায়ের ভাষা। মাকে যেমন ভালোবাসো, বাংলা ভাষাকেও তেমন ভালোবাসতে হবে। ভাষার ঐতিহ্যকে জানতে হবে। ভাষাকে ভালোবাসার মধ্য দিয়ে দেশকে ভালোবাসতে হবে।’
উৎসবে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট আট শ শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৪০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব ও ‘বানান বীর’ নামের মজার প্রতিযোগিতা। কঠিন সব বানানের সঠিক উত্তর দিয়ে সেরা বানান বীর নির্বাচিত হয় রাজশাহী কলেজের ছাত্র লতীফ মাহমুদ।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মজার মজার প্রশ্নের উত্তর দেন শিক্ষকেরা। প্রশ্নোত্তর পর্বের ফাঁকে সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় গান করে সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক। জিলা স্কুলের ছাদমান সাকিব ছড়াগান, অন্তর রায় রবীন্দ্রসংগীত ও পাবনা বালিকা উচ্চবিদ্যালয়ের তাবাসসুম মেহজাবিন শোনায় দেশাত্মবোধক গান। এ ছাড়া ঢাকা থেকে আসা আনন্দনগর দলের শিল্পী ইমরান তিনটি গান করেন। তাঁর সঙ্গে ছিল শিশু বাঁশিবাদক সাহদত।
পরে চারটি বিভাগে ৬০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালা। এ পর্বে তিনিসহ শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল মতিন, পাবনা বন্ধুসভার সভাপতি তোফাজ্জল হোসেন ও উৎসবে অংশগ্রহণকারী এক প্রতিযোগীর অভিভাবক।
শুভেচ্ছা বক্তব্যে রেখা রানী বালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা একটি ভালো দিক। এতে তরুণ প্রজন্মের মননশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
উৎসবে ৬০ জন বিজয়ীর মধ্যে সেরাদের সেরা নির্বাচিত হয় রাজশাহীর পিএন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নওশিন তাসনিম।
ভাষা প্রতিযোগের এই উৎসবের এবার ১৩ বছর পূর্তি হলো। উৎসবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল পাবনা বন্ধুসভা।