কয়েক দিন ধরেই কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। বেড়ানোর পাশাপাশি বর্ষ বিদায় ও বরণ উৎসবে শামিল হতে এসেছেন তাঁরা। কেউ এসেছেন সপরিবারে কেউবা বন্ধুদের নিয়ে। পর্যটকদের জন্য এবারও ছিল তিন দিনের ‘বিচ কার্নিভাল’। গতকাল রোববার খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনটা সমুদ্রসৈকতে কাটিয়েছেন লাখো পর্যটক।
বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে বিচ কার্নিভাল মঞ্চের সামনে সুরে আর গানে মেতেছিলেন লাখো পর্যটক। গান শোনান আঁখি আলমগীর, মিমি ও ‘বাংলাদেশি আইডল’ মং। বছরের প্রথম দিনে সবার সুখ, সমৃদ্ধি আর মঙ্গল কামনা করে মিমি গাইলেন ‘সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা’ গানটি। তারপর মং গেয়ে শোনান ‘চলোনা ঘুরে আসি অজানাতে’, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে’। এরপর আঁখি আলমগীর শোনান আঞ্চলিক গান ‘মধু হইহই গান শুনাইলা হন কারণে, ভালোবাসার দাম নদিলা’। তাঁর এই গানের সঙ্গে লাখো দর্শকের উল্লাস ক্ষণিকের জন্য হলেও সমুদ্রের গর্জনকে হার মানায়। এরপর একে একে তিনি গেয়ে শোনান ‘বন্ধু আমার রসিয়া’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’, ‘জল পড়ে পাতা নড়ে’। সবশেষে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ।
বর্ষ বিদায় ও বরণ উৎসবকে কেন্দ্র করে সৈকতে গত ৩০ ডিসেম্বর থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী ‘বিচ কার্নিভাল-২০১৬’ আয়োজন করা হয়। উৎসবের আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান ‘কার্নিভাল ইভেন্টস’। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় এ উৎসব শেষ হয়।
কার্নিভাল ইভেন্টসের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, তিন দিনের এই কার্নিভালে অন্তত ৫ লাখ পর্যটকের সমাগম ঘটে। এতে দেশের জনপ্রিয় শিল্পীরা গান শোনান। কার্নিভাল আয়োজনের উদ্দেশ্য বিশ্বের দীর্ঘতম এই সৈকতকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া।
সৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল বিকেলে কথা হয় রাজধানীর সবুজবাগের ব্যবসায়ী আরমানুল হকের সঙ্গে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি ৩০ ডিসেম্বর কক্সবাজার আসেন। ‘বিচ কার্নিভাল’ অনুষ্ঠান উপভোগের পাশাপাশি টেকনাফের সমুদ্রসৈকত ও মাথিন কূপ, রামুর বৌদ্ধপল্লি, ইনানীর পাথুরে সৈকত ও শহরের বার্মিজ মার্কেট ঘুরেছেন তাঁরা। সোমবার (আজ) ঢাকা ফিরে যাবেন বলে জানান তিনি।
রাজধানীর রামপুরার ব্যবসায়ী আমজাদ হোসেন ও চট্টগ্রামের মুরাদপুরের কলেজশিক্ষক সাঈদুল ইসলাম বলেন, বিশ্বের দীর্ঘতম সৈকত দেখতেই লাখ লাখ পর্যটক কক্সবাজার ছুটে আসেন। কিন্তু এই সৈকতের কোথাও নিরাপদ গোসলের ব্যবস্থা নেই। জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকেরা সমুদ্রে নামছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১০ লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। কয়েক দিনের মধ্যে সৈকত আবার ফাঁকা হয়ে পড়বে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু মোর্শেদ চৌধুরী বলেন, গত ১১ দিনে কক্সবাজারের হোটেল, মোটেল, গেস্টহাউস, রেস্তোরাঁ, ঝিনুক, কুটিরশিল্পসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা হয়েছে অন্তত ২০০ কোটি টাকার। সারা বছর যাতে পর্যটকেরা কক্সবাজার ভ্রমণে আসেন সে জন্য ব্যবস্থা নেওয়া দরকার।