নববর্ষের ভাতা পেয়ে সরকারি চাকুরেরা বেজায় খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মোতালেব হোসেন বেজায় খুশি। কারণ, এবার বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য পাচ্ছেন বিশেষ ভাতা। ইতিমধ্যে এই ভাতার বিলও জমা দিয়েছেন, এখন শুধু টাকা তোলার অপেক্ষা। ভাতা পাবেন প্রায় তিন হাজার টাকা। বললেন, ‘চাকরিজীবনে এই প্রথম বাংলা নববর্ষ ভাতা পাচ্ছি। এতে স্বাভাবিকভাবেই খুশি লাগছে। এ কারণে এবারের নববর্ষের আনন্দটাও হবে একটু অন্য রকম।’
দেশের সরকারি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের প্রায় ২১ লাখ চাকরিজীবী এবার বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য প্রথমবারের মতো এই ভাতা পাচ্ছেন। নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের ২০ শতাংশ ‘বাংলা নববর্ষ ভাতা’ পাচ্ছেন চাকুরেরা। অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী একজন কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের মূল বেতনের হিসাব ধরে এই ভাতা দেওয়া হচ্ছে। এই হিসাবে ২২ হাজার টাকা মূল বেতন পাওয়া নবম গ্রেডের একজন কর্মকর্তা ‘বাংলা নববর্ষ ভাতা’ পাবেন ৪ হাজার ৪০০ টাকা। একই হারে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও এই টাকা পাচ্ছেন।
নতুন বেতন স্কেল অনুযায়ী সব ভাতা আগামী জুলাই থেকে দেওয়ার কথা থাকলেও ‘বাংলা নববর্ষ ভাতা’ নতুন বাংলা বছরের আগেই দিয়েছে সরকার। ইতিমধ্যে অনেকে এই ভাতার টাকা পেয়েছেন। অনেকে টাকা তোলার প্রক্রিয়া শুরু করেছেন। কেউ কেউ কেনাকাটাও করে ফেলেছেন। অনেকে নতুন পোশাক কেনাসহ বিভিন্ন রকম আনন্দ করার পরিকল্পনা করেছেন। আনন্দ পরিকল্পনায় পয়লা বৈশাখকে ঘিরে এবার তিন দিনের ছুটিও বাড়তি সুবিধা দিচ্ছে চাকুরেদের। এবার বাংলা নববর্ষ আগামী বৃহস্পতিবার। পরের দুদিন সাপ্তাহিক ছুটি। এর ফলে স্বাভাবিকভাবেই তিন দিনের ছুটিতে অনেকে গ্রামের বাড়ি যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কাজী শাহজাহান প্রথম আলোকে বলেন, আগে কখনো ঘটা করে নববর্ষ উদ্যাপন করেননি। এবার যেহেতু সরকার এ উপলক্ষে আলাদা ভাতা দিয়েছে, সুতরাং এবারে উদ্যাপনটাও করবেন একটু অন্যভাবে।