নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সবুজে কারুকার্যখচিত সাম্পান। তাতে ছয় মাঝিমাল্লা। সামনে-পেছনে জনস্রোত। বিচিত্র, বর্ণিল-সর্পিল ঢেউ যেন। সহস্র হাতে রংবেরঙের পাখা, সরাচিত্র, বাদুড়, টিয়াসহ নানা জাতের পাখি। সুলতানি আমলের চাকচিক্যময় নকশায় নানা আকৃতির মুখোশ। ছিল যুদ্ধাপরাধীদের ভয়ংকর কালো প্রতিকৃতি। এ ছাড়া রাজা-রানি, বর-কনে আর ছিল কৃষকের সাজে অনেকে। সকাল সাড়ে নয়টা নাগাদ হর্ষধ্বনি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যাত্রা শুরু হয়েছিল পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার। দ্রিম দ্রিম ঢোলের শব্দ ছড়িয়ে গেল দিগ্বিদিক। কেউ কেউ গলা ছেড়ে গান ধরেন, ‘এসো হে বৈশাখ’।এবারের মঙ্গল শোভাযাত্রার মূল ভাবনা ছিল ‘সমুদ্র বিজয়’। সে কারণে প্রধান প্রতীকটি ছিল বিশালাকার সাম্পান। তাতে টেপাপুতুলের আকৃতিতে ছিল মাঝিমাল্লা। লোকশিল্পের রীতিতে হাতি, ঘোড়া, বাঘ আর নানা ধরনের মুখোশ তো ছিলই। সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মানুষের কোলাহল, হর্ষধ্বনি, গান ও ঢাকঢোল মিলে ঐকতানে মুখর চারুকলা অনুষদ চত্বর।‘এসো সত্য, এসো সুন্দর, এসো মুক্তি’ স্লোগান নিয়ে শুরু হওয়া শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা পেশার মানুষ অংশ নেয়। বেশ কিছু বিদেশি নাগরিকও অংশ নেন মঙ্গল শোভাযাত্রায়। শোভাযাত্রাটি শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেলের মোড় এবং সেখান থেকে টিএসসি হয়ে চারুকলার সামনে শেষ হয়।