নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের
সংবাদপত্রে কর্মরত গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কমিটির নেতারা। একই সঙ্গে ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মীদের জন্যও আলাদা বেতনকাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার বগুড়ার একটি মোটেলে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক নেতারা এই দাবি তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করে বিএফইউজের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদ উল আলম। নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গণমাধ্যমকর্মীদের জন্য জীবন দুঃসহ হয়ে ওঠায় সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামোর দাবি জানান সাংবাদিক নেতারা।
সভায় বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, সংগঠনের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহসভাপতি মনতোষ বসু, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব অমীয় ঘটক পুলক, তপন চক্রবর্তী, জি এম সজল, মোজাম্মেল হক হাওলাদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জে এম রউফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল আলম ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেড এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম প্রমুখ।