নবম ওয়েজ বোর্ডের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিলের দাবিতে মহাসমাবেশ, মানববন্ধন, অনশনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ সেপ্টেম্বর সাংবাদিকদের দিনব্যাপী অনশন, ২৪ সেপ্টেম্বর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় প্রতিদিন সমাবেশ ও অবস্থান, ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় সাংবাদিক-কর্মচারীদের মহাসমাবেশ হবে। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত গণমাধ্যম-সংশ্লিষ্ট সব সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করা হবে।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নবম ওয়েজ বোর্ড গঠন করা নিয়ে মালিকপক্ষসহ একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ সময় বিএফইউজে এবং ডিইউজের নেতাদের মধ্যে বক্তব্য দেন শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী, মধুসূদন মণ্ডল, অমিয় ঘটক প্রমুখ।