নবম ওয়েজ বোর্ডের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকেরা। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন। খবর বাসস।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার কথা জানান প্রেস সচিব। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা পদযাত্রা মিছিল বের করেন। মিছিলটি জাতীয় ঈদগাহ ময়দানের সামনের কদম ফোয়ারা হয়ে মৎস্য ভবন মোড়ে গেলে পুলিশ থামিয়ে দেয়।
সেখানে পুলিশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মনজুরুল আহসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের দাবিসংবলিত স্মারকলিপি গ্রহণে সম্মতি জানিয়েছে। তবে পদযাত্রা করে নয়, নির্দিষ্ট কয়েকজন গিয়ে স্মারকলিপি দিয়ে আসার কথা জানিয়েছেন।