নবম ওয়েজবোর্ড গঠনের আহ্বান রওশনের
সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বৃহস্পতিবার দশম সংসদের দশম অধিবেশনের সমাপনী দিনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান রওশন এরশাদ।
বিরোধীদলীয় নেতা বলেন, ১০০ বছর হয়ে গেছে, এখনো নারী দিবস পালন করে যাচ্ছি। সেদিন কবে আসবে, যেদিন পুরুষ দিবস দেখতে পাব। প্রতিবছর নারী দিবস পালন করা হচ্ছে। নানান পরিকল্পনা ও ঘোষণা দেওয়া হয়। কিন্তু কিছুই বাস্তবায়ন হয় না। এখনো নারীদের যৌতুকের জন্য প্রাণ দিতে হচ্ছে। যৌতুকের বিরুদ্ধে আইন আছে। কিন্তু তার প্রয়োগ নেই। নারীরা শ্বশুরবাড়িতে নারী-পুরুষ সবার দ্বারাই নির্যাতিত হচ্ছে।
রওশন এরশাদ শ্রমিকদের ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা এবং সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের আহ্বান জানান। তিনি বলেন, বেতন বাড়ানো হলে শ্রমিক ও সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়বে। এ ছাড়া তিনি অবিলম্বে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন এবং সেখানে একটি শিক্ষা বোর্ড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবি জানান।