নবম ওয়েজবোর্ডের দাবিতে বিক্ষোভ করবে বিএফইউজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উদ্যোগে আগামী বুধবার বেলা ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ দেশের সব সাংবাদিক ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএফইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার সকালে বিএফইউজের সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সাব এডিটরস কাউন্সিল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের এক যৌথসভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল যৌথ সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, সাব এডিটরস কাউন্সিল, প্রেসক্লাব ও অন্যান্য গণমাধ্যম সংগঠন নিজ নিজ কার্যালয়ের সামনে বুধবার বিক্ষোভ সমাবেশ করবে।
সভায় সাংবাদিক নেতারা নবম ওয়েজবোর্ড গঠনের ইস্যুতে তথ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নেতারা বুধবারের কর্মসূচি সফল করার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এবং দেশের সব জেলার সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

সভায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার অনুষ্ঠেয় সমাবেশে অংশগ্রহণের জন্য রাজধানীর সব গণমাধ্যমের কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।