নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন ১৫ ও ১৬ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য ‘২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় নতুন ভাবমূর্তি গঠন’।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারেরা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে এ তথ্য জানান।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বলেন, প্রতিনিধিদল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে।
বৈঠকে তাঁরা রাষ্ট্রপতিকে জানান, সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা। সম্মেলনে বাংলাদেশের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা যোগ দেবেন।