নবম ধাপের খনন আজ শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর হিসেবে আলোচিত নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বরে নবম ধাপের উত্খনন কাজ আজ শনিবার শেষ হচ্ছে। এ উপলক্ষে কামরাব-ধুপিরটেক বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উত্খনন কাজের চলতি ধাপে আবিষ্কৃত বৌদ্ধ পদ্মমন্দিরের নিদর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।উত্খনন কাজে যুক্ত দলের উপনেতা মিজানুর রহমান জানান, ৯ জানুয়ারি থেকে নবম ধাপের উত্খনন কাজ শুরু হয়। এ কাজে প্রথমবারের মতো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসে। চলতি ধাপে উল্লেখযোগ্য আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে কামরাব এলাকায় বৌদ্ধ পদ্মমন্দিরের সন্ধানলাভ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তা উন্মোচন করা হবে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।প্রসঙ্গত, ১৯৩০ সালে স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান প্রথমে উয়ারী-বটেশ্বরকে সুধী সমাজের নজরে আনেন। পরে তাঁর ছেলে হাবিবুল্লা পাঠান স্থানটির গুরুত্ব তুলে ধরে পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। ২০০০ সালে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের আর্থিক সহায়তা, ২০০২ সালে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ২০০৪ সালে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ২০০৫ সালে ঐতিহ্য-অনুরাগী ইমাম আনোয়ারের আর্থিক সহযোগিতায় এবং ২০০৬ সালে গ্রামীণফোনের সৌজন্যে উত্খনন কাজ হয়।