নবম বা দশম কোন সংসদ এখন বহাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের ‘ম্যান্ডেটহীন’ নির্বাচনে জয়ী হওয়া ক্ষমতাসীন দলের সরকার গঠনের বৈধতা নানাভাবে প্রশ্নবিদ্ধ। বড় প্রশ্ন, সংসদ একটি, না দুটি? পুরোনো সংসদ রেখে নতুন সরকার গঠনের সাংবিধানিক বিতর্কে স্পিকারের ভূমিকা এবার আরও বেশি প্রশ্নের সম্মুখীন হতে পারে।
আগামী রোববার নতুন মন্ত্রিসভা শপথ নিলে দেশে একই সঙ্গে দুটি সংসদ বহাল থাকবে। সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ বলেছে, দেশে একটি সংসদ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার জন্য প্রযোজ্য সুযোগ-সুবিধা বাতিল করা হবে। কিন্তু আইন এটা সমর্থন করে না। কারণ, ২৪ জানুয়ারি পর্যন্ত নবম সংসদ থাকছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল যে নবনির্বাচিত সাংসদদের শপথ পড়ালেন, তাতে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে। ১২৩ অনুচ্ছেদ সুনির্দিষ্টভাবে মেয়াদ পুরো না হওয়া পর্যন্ত নির্বাচিত সদস্যদের কার্যভার গ্রহণ থেকে বিরত থাকতে বলেছে। আর ১৪৮ অনুচ্ছেদ বলেছে, শপথ নেওয়া মানেই কার্যভার গ্রহণ করা। তাই শপথ পড়ানো সংবিধানসম্মত হয়নি। সাংবাদিকেরা ১২৩ ও ১৪৮ অনুচ্ছেদ সম্পর্কে বক্তব্য জানতে চাইলে স্পিকার কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে আওয়ামী লীগের নতুন সাংসদ আইনজীবী আনিসুল হক এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন, ১২৩ ও ১৪৮ অনুচ্ছেদে বর্ণিত দুই ‘কার্যভার গ্রহণের’ মধ্যে পার্থক্য আছে। ১৪৮ অনুচ্ছেদের ‘কার্যভার গ্রহণের’ অর্থ হলো নির্বাচিতরা শপথ নেবেন। কিন্তু ২৪ জানুয়ারির আগে সংসদে বসতে পারবেন না।
আবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর যুক্তি, শপথ নেওয়ার ফলে প্রতি আসনে দুই সাংসদ সৃষ্টি হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, নবম সংসদের সদস্যরা এখন কি পদে আছেন না পদ হারিয়েছেন?
আনিসুল হক অবশ্য বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ নির্বাচন হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদ ডাকতে বলেছে। আর তা করতে ১৫ দিন আগে নোটিশ লাগে। তাই আগাম শপথ সংবিধানসম্মত। তিনি অবশ্য স্বীকার করেন, সংবিধানে ১৫ দিনের নোটিশের কথা বলা নেই।
গতকাল শেখ হাসিনা দশম সংসদের জন্য নেতা নির্বাচিত হয়েছেন। তিনি পদত্যাগ করেননি। গণপরিষদ ভেঙে ’৭৩ এ অনুষ্ঠিত নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্যাগ করেছিলেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কয়েকদিন কাজ চালান তিনি। এরপর রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
উল্লেখ্য, বিরোধী দলের নেতা নির্বাচনের দায় এককভাবে স্পিকারের। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে বিরোধী দলের নেতা এখন কে? বেগম খালেদা জিয়া কবে থেকে কার নির্দেশে বিরোধী দলের নেতার পদ হারাবেন? এদিকে সরকারি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে খালেদা জিয়া এখন আর সংসদ সদস্য নন, বিরোধীদলীয় নেতাও নন।
যে সংসদ রেখে নির্বাচন হলো, সেই সংসদ বাতিল হয়নি। ভেঙে দেওয়াও হবে না। এটা শুধু রাজনৈতিক প্রশ্ন নয়। এর সঙ্গে সরকারি অর্থ ব্যয়ের প্রশ্নও জড়িত। বিএনপির অনেকে বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য হিসেবেও সক্রিয় আছেন। তাহলে তাঁদের বেতন-ভাতা কবে থেকে বন্ধ হবে?
স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীকে নিয়ে গঠিত কার্য উপদেষ্টা কমিটি এবং সংসদ সচিবালয় কমিশনেও বিরোধী দলের নেতা আছেন। সংসদের বিরোধী দলের নেতা ও উপনেতাকে স্বীকৃতিদানের দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত। সংসদের কার্যপ্রণালীবিধির ২ (১) (ট) এ বলা আছে, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতাকে স্পিকার বিরোধী দলের নেতা বা উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট করবেন।
এটা সংগতিপূর্ণ নয় যে, দশম সংসদ নেতা শেখ হাসিনা এবং নবম সংসদের বিরোধী দলের নেতা উভয়ে এখন আইনের চোখে বৈধ। প্রশ্ন দাঁড়াল, প্রায় দুই সপ্তাহের জন্য শেখ হাসিনা বেতন পাবেন দশম সংসদ-সমর্থিত মন্ত্রী হিসেবে। একই সময়ে খালেদা জিয়া বেতন নেবেন নবম সংসদ-সমর্থিত মন্ত্রী হিসেবে?
আইনানুযায়ী স্পিকার আসলে নবম সংসদের পুরো মেয়াদের জন্য সংসদ নেতা, উপনেতা, বিরোধী দলের নেতা , হুইপ ও সকল সদস্যের বেতান-ভাতা সংসদ থেকে মঞ্জুরি করিয়ে নিয়েছেন। সংবিধানে বলা আছে, সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর পর্যন্ত সংসদ চলবে।
১৯৯৪ সালের ১৪ ধারা মতে, চলতি অর্থ বছরের জন্য সংসদ সচিবালয়ের অনুমিত ব্যয়-সংবলিত একটি বিবৃতি স্পিকার আগেই প্রস্তুত করে রেখেছেন। ওই বিবৃতিতে নবম সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা, হুইপ ও সংসদ সদস্যকে দেয় পারিশ্রমিক ও ভাতাদি অন্তর্ভুক্ত আছে। এই বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংসদ সচিবালয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে কেবল সংসদের কাছে দায়ী।
স্পিকার তাই নবম সংসদের মেয়াদ নির্ধারণ প্রশ্নে সাংবিধানিকভাবে তাঁর ব্যক্তিগত জবাবদিহি এড়াতে পারবেন না। ১৯৯৪ সালের আইনেও লেখা আছে, সংসদ নেতা ও বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনা করে সংসদ সচিবালয়ে যাবতীয় কর্মকাণ্ড চালাবেন। এসবের জন্য স্পিকারই সংসদের কাছে দায়ী থাকবেন। বিদায়ী স্পিকার হিসেবে তিনি বিদায়ী বিরোধীদলীয় নেতার সঙ্গে শপথ নিয়ে একেবারেই আলোচনা করেননি।