নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে গত সোমবার।
নবম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে নানা আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে আলোচনা সভার মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য আবুল খায়ের ও সাবেক উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সহ-উপাচার্য মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর সরকার।