নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীতে গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী সায়মন সরওয়ার বলল, ‘ষষ্ঠ শ্রেণী থেকে সৃজনশীল পদ্ধতি চালু করলে ভালো হতো। কিন্তু হঠাৎ করে নবম শ্রেণীতে এ পদ্ধতি চালু করায় আমাদের বিষয়টি বুঝে ওঠা কঠিন হয়ে পড়ছে। এতে আমাদের পরীক্ষার ফলাফলও ভালো হবে না। তাই আমরা নবম শ্রেণীতে গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করছি।’
চট্টগ্রাম বোর্ডের উপসচিব মাহবুব হাসান বলেন, ‘বোর্ডের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া ও সনদ বিতরণ। পাঠ্যতালিকায় নতুন বিষয় সংযোজন এবং পরিবর্তনের দায়িত্ব এনসিটিবির (জাতীয় কারিকুলাম এবং টেক্সটবুক বোর্ড)।’