নবম শ্রেণীর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সাধারণ ছাত্রসমাজের’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরে।শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: ২০১৪ সালের জেএসসি এবং ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিল করতে হবে, যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে অর্থাৎ ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে শুধু তাদের সময় থেকে গণিতে সৃজনশীল পদ্ধতি কার্যকর করতে হবে এবং চলতি বছর থেকে কার্যকর করতে হলে জেলাভিত্তিক বিভিন্ন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ ধরে তারা ফেসবুকের মাধ্যমে বন্ধুবান্ধব এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করে। সে হিসেবে গত বৃহস্পতিবার তারা মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর কারণে কর্মসূচি পেছানো হয়।গতকাল দুপুর ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এখানে তারা ‘নবম শ্রেণীতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিল করো, করতে হবে’, ‘আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ ইত্যাদি স্লোগান দেয়।বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুলের শিক্ষার্থী আরেফিন লায়লা বলে, ‘আগে থেকে কোনো ধারণা দেওয়া ছাড়াই নবম শ্রেণীতে ৪০ মিনিটে ৪০টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম চালু হয়েছে। এভাবে পরীক্ষা দেওয়া এবং ভালো ফলাফল করা সম্ভব নয় আমাদের পক্ষে।’ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ইউসুফ মুন্না বলে, ‘ষষ্ঠ শ্রেণী থেকে গণিতে সৃজনশীল পদ্ধতি চালু করা হলেও আমরা একটা ধারাবাহিকতা পেতাম। কিন্তু এখন হঠাৎ করে এটি চালু করায় আমরা বিপদে পড়েছি। কারণ এ বিষয়ে দক্ষ শিক্ষকও নেই তেমন।’চট্টগ্রাম সরকারি স্কুল, কলেজিয়েট স্কুল, হাজী মোহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুল, কাজেম আলী উচ্চবিদ্যালয়, খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, প্রবর্তক বিদ্যাপীঠসহ নগরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাব থেকে জামালখান সেন্ট মেরিস স্কুল পর্যন্ত মিছিল নিয়ে যায়। সাধারণ ছাত্রসমাজ পরে ফেসবুকের মাধ্যমে তাদের কর্মসূচির ঘোষণা দেবে বলে জানিয়েছে।