নবম সংসদের এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের প্রথম বর্ষপূর্তি আজ সোমবার। প্রথম বছরের আট মাসই সংসদ চলেছে বিরোধী দল ছাড়া। চলতি অধিবেশনেও বিএনপির সংসদে ফেরা অনিশ্চিত। নবম সংসদে অনেক ইতিবাচক পরিবর্তন হলেও অধিবেশন বর্জনের সংস্কৃতির পরিবর্তন হয়নি। ফলে এই সংসদ এক বছরেই অকার্যকর কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।তবে স্পিকার আবদুল হামিদের মতে, বর্তমান সংসদকে অকার্যকর বলা ঠিক হবে না। বিরোধীদলীয় সদস্যরা সংসদে না এলেও তাঁরা সংসদের কার্যসূচিতে অংশ নিচ্ছেন, কমিটির বৈঠক করছেন। অবশ্য তাঁরা অধিবেশনে যোগ দিলে সংসদ আরও প্রাণবন্ত হতো। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে নবম জাতীয় সংসদ ২০০৯-এর ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদই সরকারের মেয়াদ।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও দ্বিতীয় অধিবেশন থেকে বর্জন শুরু করে। অধিবেশনকক্ষের সামনের সারিতে আসন বাড়ানোর দাবিতে তারা সংসদ বর্জন শুরু করলেও ১০ দফা যুক্ত হয়েছে। বিরোধী দল বিএনপি কমিটির বৈঠক, বিদেশ সফরসহ অন্যান্য কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছে। গত তিন অধিবেশনে ৮৬ কার্যদিসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ৬৩ দিনই অনুপস্থিত ছিলেন। চলতি অধিবেশনে এখন পর্যন্ত তাঁরা যোগ দেননি।এর আগে অষ্টম সংসদে বিরোধী দল আওয়ামী লীগ ৩৭৩ কার্যদিবসের মধ্যে ২২৩ দিন অনুপস্থিত ছিল। আর সপ্তম সংসদে ৩৮২ কার্যদিবসের মধ্যে বিরোধী দল বিএনপি ১৬৩ দিন এবং পঞ্চম সংসদে বিরোধী দল আওয়ামী লীগ ৪০০ দিনের মধ্যে ১৩৫ দিন অনুপস্থিত ছিল।অর্থাত্ বিরোধী দল পঞ্চম সংসদে ৩৪ ভাগ, সপ্তম সংসদে ৪৭, অষ্টম সংসদে ৬০ ও বর্তমান সংসদের প্রথম বছরে ৭৬ ভাগ সময় অনুপস্থিত ছিল।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক মনে করেন, সংসদ কার্যকর বলার সুযোগ নেই। কারণ বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হতে পারে না। বিরোধী দলকে পরিকল্পিতভাবে সংসদের বাইরে রাখা হয়েছে।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ মনে করেন, বিরোধী দল কোনো যৌক্তিক কারণ ছাড়াই সংসদ বর্জন করছে। সংসদীয় ব্যবস্থা কার্যকর হোক, এটা তারা চায় না।কত বিল পাস: এক বছরে সংসদে ৭০টি বিল পাস হয়েছে। প্রথম অধিবেশনে ৩২টি, দ্বিতীয় অধিবেশনে ২৩ ও ও তৃতীয় অধিবেশনে ১১টি বিল পাস হয়। আর চলতি অধিবেশনে এ পর্যন্ত চারটি বিল পাস হয়েছে। প্রথম বছরে সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব সর্বসম্মতিতে সংসদে পাস হওয়ার ঘটনাও সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।সংসদীয় কমিটির সুপারিশ: মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো এক বছরে গড়ে সুপারিশ করেছে ১৫টি। এসব সুপারিশের মধ্যে কোনো মন্ত্রণালয়ের একটিও বাস্তবায়িত না হলেও অনেক মন্ত্রণালয়ের একাধিক সুপারিশ বাস্তবায়িত হয়েছে। প্রাথমিক হিসাবে কমিটিগুলো গঠনের পর এ পর্যন্ত প্রায় ৬০০ সুপারিশ করা হয়েছে। তবে কমিটির সভাপতিরা বলেছেন, আগামী মাসে কমিটির সুপারিশ সম্পর্কে সংসদকে অবহিত করা হবে।