জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আবুল কাশেমকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার এই জেরা শেষ করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।সাক্ষীকে যে ছাত্রাবাস থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার সুপার কে ছিলেন এবং তাঁর স্ত্রীর নাম কী? তাঁরা কি বেঁচে আছেন—আইনজীবীর এসব প্রশ্নের জবাবে আবুল কাশেম বলেন, ছাত্রাবাসের সুপার ছিলেন লুৎফর রহমান। তাঁর স্ত্রীর নাম মেহেরুননেসা, তিনিও ওই কলেজের শিক্ষক ছিলেন। তাঁরা বেঁচে আছেন, তবে খুব অসুস্থ।আপনার চেম্বারে বঙ্গবন্ধুর কোনো ছবি আছে—আইনজীবীর এ প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন, চেম্বারে বঙ্গবন্ধুর ছবি রাখা কি অপরাধ? এ সময় আইনজীবী বলেন, সাক্ষী আওয়ামী লীগের সমর্থক কি না, তিনি তা যাচাই করছেন। ট্রাইব্যুনাল আইনজীবীর উদ্দেশে বলেন, আপনি কি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মনে করেন না? আপনি যা বলছেন তাই হবে? ট্রাইব্যুনাল আইনজীবীকে এ প্রশ্ন না করার জন্য বলেন।পরে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনি (সাক্ষী) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বর্তমান সরকারের নেতাদের খুশি করার জন্য, তাঁদের চাপ বা অনুরোধে এই মামলায় সাক্ষ্য দিতে এসেছেন। সাক্ষী বলেন, এটা ঠিক নয়। কাশেমের জেরা শেষ হলে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মুজাহিদের বিরুদ্ধে মামলায় জহিরুদ্দিন জালালকে জেরা শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরায় আসামিপক্ষের আইনজীবী একাত্তরে সাক্ষীর বাসভবন, বিদ্যালয়, সহপাঠীসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেন। পরে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।