নবম সাক্ষীর অবশিষ্ট জেরা ১৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার নবম সাক্ষীর অবশিষ্ট জেরার জন্য ১৯ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ওই সাক্ষীর আংশিক জেরা শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন এ দিন ধার্য করেন।নবম সাক্ষী সোনালী ব্যাংকের তৎকালীন উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম গত ১৪ ফেব্রুয়ারি আদালতে জবানবন্দি দেন। পরে বিচারক তাঁকে আসামিপক্ষের জেরার জন্য গতকাল দিন ধার্য করেন। জেরার দিন ধার্য থাকায় মামুনকে হরতালের মধ্যেই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারেক রহমান কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করছেন।গতকাল কার্যক্রমের শুরুতে মামুনের আইনজীবী ফখরুল ইসলাম আদালতকে বলেন, সরকার এ মামলার বিচার তড়িঘড়ি করে শেষ করতে চাইছে। এ জন্য হরতালের মধ্যে আসামিকে আদালতে হাজির করা হয়েছে। হরতালে সাধারণত কারাগারে থাকা সাধারণ আসামিদের নিরাপত্তার কথা বিবেচনা করে আনা হয় না। তিনি সাক্ষ্য গ্রহণ মুলতবি করার আবেদন জানান।এর জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ আবেদন শুধু বিচারকে বিলম্বিত করার জন্য। এত দিন তাঁরা (আসামিপক্ষ) মামলাটির বিচারকে বিলম্বিত করার চেষ্টা করেছেন।আদালত আসামিপক্ষের আবেদন নাকচ করে দেন। এরপর মামুনের আইনজীবীরা সাক্ষীকে আংশিক জেরা করেন।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মোশাররফ হোসেন ও মীর আবদুস সালাম।ক্যান্টনমেন্ট থানায় দুদকের করা এই মামলায় অভিযোগ করা হয়, গাজীপুরের টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএ-তে তাঁর ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন।