নবমবারের মতো চেয়ারম্যান নুরুল

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নবমবারের মতো চেয়ারম্যান হলেন নুরুল হক ভূঁইয়া। তিনি স্বাধীনতার পর একবার ছাড়া বাকি সময়টুকু এ ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবারও জয়ী হয়েছেন।
কাকাইলছেও ইউনিয়নটি হবিগঞ্জের প্রত্যন্ত ভাটি এলাকা আজমিরীগঞ্জ উপজেলায়। এ ইউনিয়নে ২৯ হাজার লোকের বসবাস। স্বাধীনতার পর থেকে আটবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নুরুল হক ভূঁইয়া (৭৮)। গত বৃহস্পতিবার নির্বাচনের মধ্য দিয়ে নবমবারের মতো বিজয়ী হলেন তিনি। এবারই প্রথম তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন।
কাকাইলছেও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে নুরুল হক ভূঁইয়া এ ইউপিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে ২০০৫ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মহিবুর রহমান সওদাগরের কাছে পরাজিত হন। এ ছাড়া বাকি সময়টুকু তিনিই এ ইউপির দায়িত্ব পালন করে আসছেন।
এবারের নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মফিল মিয়াকে পরাজিত করেন।
নুরুল হক ভূঁইয়া বলেন, মানুষের সেবা করাই তাঁর কাজ। যে কারণে এলাকার মানুষ তাঁর প্রতি সন্তুষ্ট ও বিশ্বাস রেখেই বারবার তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি তাঁর জীবনের বাকি সময়টুকু মানুষকে বিলিয়ে দিতে চান।