নবযুগ এখন ঠিকানাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাটের সিমসন রোডের নবযুগ শরীরচর্চা কেন্দ্রটি এখন ঠিকানাহীন। আশির দশকে এটি ছিল জমজমাট। ছবিটি সেই সময়ে তোলা l সংগৃহীত
সদরঘাটের সিমসন রোডের নবযুগ শরীরচর্চা কেন্দ্রটি এখন ঠিকানাহীন। আশির দশকে এটি ছিল জমজমাট। ছবিটি সেই সময়ে তোলা l সংগৃহীত

ঢাকার অন্যতম পুরোনো শরীর গঠন (বডিবিল্ডিং) ক্লাব সদরঘাটের সিমসন রোডের নবযুগ শরীরচর্চা কেন্দ্র এখন ঠিকানাহীন। এটি যেখানে ছিল, সেখানে গড়ে উঠেছে দক্ষিণ সিটি করপোরেশনের বহুমুখী ব্যবহারের উপযোগী নতুন ভবন। নতুন ভবন নির্মাণের আগে এখানে শরীরচর্চাকারীদের একটি স্থয়ী ঠিকানা করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ভবন নির্মাণের পর ঐতিহ্যবাহী ক্লাবটির জায়গা হয়নি এখানে। ৬৮ বছরের পুরোনো ক্লাবটি এখন ঠিকানাহীন। সদস্যরা পাশের অন্য একটি ক্লাবে অস্থায়ীভাবে শরীরচর্চা করছেন।

নতুন ভবনে এখন ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। ক্লাবকে জায়গা না দেওয়ার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান মিয়াজী প্রথম আলোকে বলেন, ‘ভবন এখনো নির্মাণাধীন। নির্মাণকাজ শেষ হলে নবযুগকে নিচতলায় জায়গা বুঝিয়ে দেওয়া হবে। নির্মাণকাজ দ্রুত শেষ করতে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত আবেদনও করেছি।’

গতকাল বুধবার সকালে নবযুগের পুরোনো সদস্যদের পাওয়া গেল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শরীরচর্চাকক্ষে। আপতত এখানেই তাঁরা শরীরচর্চা করেন। সদস্যদের বেশির ভাগেরই বয়স পঞ্চাশের কোঠা পেরিয়ে গেছে। পুলি, প্যাডেলবারসহ যেসব সরঞ্জামে তাঁরা ব্যায়াম করছেন, সেগুলোর বয়স তাঁদের বয়সের চেয়েও বেশি। ডাম্বেলগুলো বিবর্ণ, জংধরা। ক্লাবের পুরোনো সদস্য লুৎফর রহমান বললেন, নবযুগ শরীরচর্চা কেন্দ্রের জায়গায় ২০০৯ সালে সিটি করপোরেশনের ভবন নির্মাণের কাজ শুরু হলে তাঁরা অস্থায়ীভাবে এখানে শরীরচর্চা শুরু করেন। ব্যায়ামের কিছু সরঞ্জামও তাঁরা সঙ্গে নিয়ে আসেন। বলা হয়েছিল, নতুন ভবনে তাঁদের স্থায়ী জায়গা দেওয়া হবে, কিন্তু তা হয়নি।

লুৎফর নবযুগে শরীরচর্চা শুরু করেছিলেন ১৯৬৯ সালে। কথায় কথায় উঠে এল ক্লাবের স্বর্ণযুগের নানা স্মৃতি। বললেন, ‘চলচ্চিত্রের নায়ক ওয়াসিমসহ আরও অনেক বিখ্যাত মানুষ এখানে ব্যায়াম করতে আসতেন। ওই সময় কুস্তিতে জব্বার মোল্লা, বক্সিংয়ে মুজিবর রহমানের অনেক নামডাক ছিল। তাঁরা ছিলেন এই ক্লাবের। আমাদের ওস্তাদ ছিলেন কুস্তিগীর “বড় রহমান ভাই”। সবাই তাঁকে এক নামে চিনত।’

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের নাম আগে ছিল ‘কায়েদে আজম ফিজিক্যাল ট্রেনিং সেন্টার’। তৎকালীন দুই পাকিস্তানেই এই ক্লাবের সুনাম ছিল বলে জানালেন আরেক পুরোনো সদস্য আলমগীর আলম। ষাটের দশকে ভারোত্তলন প্রতিযোগিতায় মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব পাওয়া আলমগীর বললেন, ‘পাকিস্তান আমলে এ ক্লাব থেকে ওয়েট লিফটিং, বডিবিল্ডিংয়ে অনেকেই মিস্টার ইস্ট পাকিস্তান হয়েছেন। কর্নেল আমিন, সালাউদ্দিন, মহিউদ্দিনসহ ক্লাবের অনেকেই বডিবিল্ডিংয়ে এই খেতাব পেয়েছেন।’

আলমগীর বলেন, ‘আগে রেসলিং, বক্সিং, জিমন্যাস্টিকসহ অনেক কিছুর চর্চা হতো নবযুগে। মহল্লায় মহল্লায় এসবের চর্চা ছিল। এখন তো মাঠ আর খোলা জায়গা নেই। ছেলেপুলে খেলবে কোথায়?’

আশির দশকে নবযুগে জড়িত হয়েছেন এমন অনেককে পাওয়া গেল গতকাল। বললেন, স্বাধীনতার পরও মিস্টার বাংলাদেশ-মিস্টার ঢাকা খেতাবে এই ক্লাবের সদস্যদেরই দখল ছিল।

 ক্লাবের নিজের জায়গায় ফিরে যেতে চান নবযুগের সদস্যরা। নবীন সদস্যদের একজন দেবব্রত বিশ্বাস বললেন, ‘সাত বছর হয়ে গেছে ক্লাবের জায়গায় নতুন বিল্ডিং হইছে। এখনো আমাদের ক্লাবের জায়গা বুঝায়ে দেওয়া হয় নাই।’

আরেক সদস্য শরীফুদ্দিন বলেন, ‘আমরা জায়গা চাইলেই বলে জিমের জন্য বরাদ্দ হয় নাই। আমাদের উঠতে দিচ্ছে না, কিন্তু খাবারের দোকান, ফলের দোকান ঠিকই ওই বিল্ডিংয়ে জায়গা দখল করে নিচ্ছে।’