নবরূপে বারিধারা রাজউক পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রূপে যাত্রা শুরু করল রাজধানীর বারিধারা লেকসাইড রাজউক পার্ক। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ঢাকা বসবাসের অযোগ্য একটি নগর। ঠিকমতো হাঁটার জায়গাও নেই। রাস্তায় বের হলে নানা বিড়ম্বনায় পড়তে হয়। এমন অবস্থায় বারিধারা পার্কটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন বলা যাবে, ঢাকায় দৃষ্টিনন্দন একটি পার্ক আছে।হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, আরেকবার ক্ষমতায় যেতে পারলে দেশকে সাতটি প্রদেশে বিভক্ত করার মাধ্যমে ঢাকা থেকে মানুষের চাপ কমিয়ে এই শহরকে বসবাসের যোগ্য করে তোলা হবে। অনুষ্ঠানে জানানো হয়, বারিধারা পার্কের সৌন্দর্যবর্ধনের জন্য লেকের ওপর জেট ফোয়ারা, চলাচলের জন্য নতুন রাস্তা, বসার স্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এখানে বেশ কিছু নতুন গাছ লাগানো হয়েছে। পার্কটির সৌন্দর্যবর্ধনে অর্থায়ন করেছে সিটি ব্যাংক।অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (উন্নয়ন) মাহবুব উল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, ফারুক মঈনউদ্দিন, বারিধারা সোসাইটির সভাপতি আজিমউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুর রউফ প্রমুখ বক্তৃতা করেন।