নবান্ন উৎসব মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ উদ্যাপিত হবে নবান্ন উৎসব। একই সঙ্গে রাজধানীর দুই আঙিনায় হবে এ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে নাচ-গান, কবিতা ও কথায় স্বাগত জানানো হবে নবান্নকে।
বকুলতলায় সকাল ৭টা ১ মিনিট থেকে সকালের অনুষ্ঠানমালা শুরু হয়ে প্রথম পর্ব সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব একযোগে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে ল্যাবএইড।
উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত শনিবার উৎসবের বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করে পর্ষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারপারসন লায়লা হাসান, কো-চেয়ারপারসন শুভ রহমান, কাজী মদিনা, মানজার চৌধুরী প্রমুখ।