নবান্ন উৎসবে নানা আয়োজন
দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়ার আদমদীঘি উপজেলার ২৫টি গ্রামে গতকাল শনিবার নবান্ন উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উৎসব ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আদমদীঘির গ্রামগুলোতে গতকাল ভোর থেকে শুরু হয় নানা অনুষ্ঠানের। কয়েকটি গ্রাম মিলে বসে নবান্নের মেলা। মেয়ে-জামাই আর নাতি-নাতনিদের আগমনে প্রতিটি বাড়ি পরিণত হয় মিলন মেলায়।
উপজেলার শালগ্রাম, কালাইকুড়ি, সাগরপুর, আমইল, নিমাইদীঘি, কাল্লাগাড়ী, কৈকুড়ি, ডহরপুর, কোমারপুর, কোমারভোগসহ বেশ কিছু গ্রাম ঘুরে উৎসবের আমেজ দেখা গেছে। মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে একাকার হয়ে গেছে নবান্নের উৎসবে। ঈদ ও পূজার পর এ এলাকার মানুষের কাছে নবান্ন বড় একটি উৎসব।
নবান্ন উৎসব উপলক্ষে ওই সব গ্রামসহ আশপাশের এলাকায় অন্যান্য বছরের মতো এবারও জবাই করা হয়েছে গরু ও মহিষ। গ্রামের প্রতিটি পাড়া-মহল্লা ও মোড়ে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী চুড়ি, ফিতা, আলতা ও শিশুদের খেলার সামগ্রী এবং জিলাপি, রসগোল্লা, চমচম, বাতাসা, মুড়কি ও পাঁপড় ভাজাসহ মুখরোচক নানা পণ্যের মেলা। পাশাপাশি গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি করা হয় ছোট আকৃতির নানা ধরনের মঞ্চ। যেখানে রাতের বেলা বসে জারি, সারি আর পালাগানের আসর।
শালগ্রাম গ্রামের রাস্তায় কথা হয় মোশারফ হোসেন নামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে। তিনি আদমদীঘি হাটে নতুন ধান বিক্রির জন্য যাচ্ছিলেন। তিনি বললেন, ‘নবান্ন উৎসব কোনো ধর্মের নয়, এটা বাঙালির প্রাণের উৎসব। আমাদের পূর্বপুরুষরাও এ উৎসব পালন করেছে, আমরাও করছি।’ আমাইল গ্রামের মোজাফফর হোসেন বললেন, ‘ছেলেমেয়ের সঙ্গে জামাই আর নাতি-নাতনিসহ নিকটাত্মীয় নিয়ে নতুন চালের ভাত-গোশত খাওয়ার আনন্দই অন্য রকম।’
কালাইকুড়ি গ্রামের বাসিন্দা আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার বলেন, ‘অনেক আগে থেকেই উপজেলায় এভাবে নবান্ন উৎসব পালন হয়ে আসছে। আর দিন দিন এ উৎসব পালনের মাত্রা বাড়ছে। মোট কথা, গ্রামবাংলায় নবান্ন উৎসব পালন করা হয় অনেকটা ঈদের আমেজে। পয়লা অগ্রহায়ণে শুরু হওয়া এ উৎসব চলবে মাসব্যাপী।
এদিকে জয়পুরহাট শহরে নবান্ন উৎসবের আয়োজন করে নবান্ন উৎসব উদ্যাপন পরিষদ। গতকাল বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নতুন চালের তৈরি পায়েস পরিবেশন, নবান্ন শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই আমিনুল হকের লেখা ‘বিদ্যালয়ে নবান্ন ও পিঠা উৎসব’ পুস্তিকার মোড়ক উন্মোচন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম।
বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল নবান্ন উৎসব পালিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরে শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশু, সরকারি ও বেসরকারি শিশু বিকাশ কেন্দ্র এবং প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, গ্রামবংলার শ্রমজীবী নারী, ফেরিওয়ালা সাজে সেজে সকাল ১০টায় শিশু একাডেমীতে আসে।