নবান্ন উৎসবে বর্ণাঢ্য আয়োজন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ফরিদপুর ও নড়াইলে নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে পিঠা প্রদর্শনী ও বিক্রি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর শহরে কবি জসীমউদ্দীন মিলনায়তন প্রাঙ্গণে নবান্ন উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। বেলা সাড়ে তিনটার দিকে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ‘এটি আবহমানকালের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লোকজ উৎসব। এই উৎসবে আমরা শৈশবের দিনগুলোতে ফিরে যাই। রাত জেগে আমাদের মা, নানি, দাদিরা হরেক রকমের পিঠা বানাতেন। গ্রামবাংলার ঐতিহ্য রক্ষা করতে হলে লোকজ উৎসব রক্ষা করতে হবে।’
সরকারি-বেসরকারি ১৬টি প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। পরে উৎসব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি।
নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নবান্ন উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টার দিকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ। লেডিস ক্লাব, জেলা সমাজসেবা অধিদপ্তর, ব্র্যাক নড়াইল, মহিলাবিষয়ক অধিদপ্তর, নারী ফোরাম, ড্রামা সার্কেল ও জেলা সাংবাদিক ইউনিটের স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল পাটিসাপটা, পাকান, চিতই, পুলি, পাতাশিরা, গিট, লবঙ্গ, রসপাকান প্রভৃতি। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাত নাছিমা খাতুন, ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।