নবান্ন উৎসবে বিভিন্ন স্থানে নানা আয়োজন

ধান কাটা, পিঠা উৎসব, বাউলগান, শোভাযাত্রাসহ নানা আয়োজনে বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: জেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আবদুল আওয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘বাংলার সংস্কৃতিকে যদি আমরা ধারণ ও লালন করি, তাহলে আমাদের মধ্যে বৈষম্য আর ভেদাভেদ থাকবে না।’ বিকেলে পিঠা উৎসব, নাচ, গান ও কবিতা আবৃত্তি হয়।
পঞ্চগড়: জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সকালে উৎসবের উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন করে। উৎসব উপলক্ষে শিল্পকলা একাডেমি চত্বরে পিঠাপুলির আয়োজন ও দিনব্যাপী বাউলগান হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রহলাদ চন্দ্র বর্মণ, জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়। এটি পরিষদ চত্বর ঘুরে পিঠা মেলাস্থলে গিয়ে শেষ হয়। মেলায় পিঠা-পায়েস, লুচিসহ অর্ধশতাধিক প্রকারের নবান্নের পিঠার পসরা সাজিয়ে ১২টি স্টল বসে। সেখানে ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ প্রমুখ পিঠাপুলি খেয়ে আয়োজকদের উৎসাহিত করেন।
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলা পরিষদের মাঠ থেকে সকালে আনন্দ শোভাযাত্রা বের হয়। সেটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌরসভার স্টেশনপাড়ার একটি ধানখেতে গিয়ে শেষ হয়। সেখানে ধান কেটে দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও নূর কুতুবুল আলম। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নতুন চালের তৈরি পায়েস, পিঠা পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।