নবান্ন উৎসবে মাতল নগরবাসী
বাংলার কৃষিভিত্তিক জীবনে নবান্ন উৎসব বহু প্রাচীন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষক যে ফসল ফলান, সেই ফসল ঘরে তোলার আনন্দের তুলনা হয় না। সেই আনন্দের বহিঃপ্রকাশই নবান্ন উৎসব। গতকাল বৃহস্পতিবার নৃত্য, গীত, বাদ্য আর পিঠাপুলির আয়োজনে গ্রামবাংলার কৃষকের হৈমন্তী ফসল ঘরে তোলার উৎসব নবান্ন এল রাজধানীর নাগরিক জীবনেও। রমনার বটমূলে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘নবান্ন উৎসব-১৪১৯’। শুরুতেই বাঁশির সুরে আহ্বান জানানো হয় অগ্রহায়ণকে। উৎসবের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। নবান্ন কথনে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, উদ্যাপন পর্ষদের সভাপতি লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম প্রমুখ। অনুষ্ঠানের একদিকে সুর-সংগীতে চলতে থাকে অগ্রহায়ণকে বরণ; অন্যদিকে ছিল পুলি, পাটিসাপ্টা, নাড়ু, রস গোলাপ, লবঙ্গ লতিকা, চিতইসহ বাংলার ঐতিহ্যবাহী নানা পিঠার ম-ম গন্ধ। বটমূলে নানা রকমের দেশীয় লোকজ অনুষঙ্গ দিয়ে সাজানো মঞ্চে শুরুতেই ছিল বাঁশিবাদন। বাঁশির সুরমূর্ছনা শেষ না হতেই মঞ্চে আসে ধ্রুব শিশু-কিশোর সংগঠন। খুদে কণ্ঠে এক সুরে গেয়ে ওঠে—‘এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লীজননী’। গানের পর লায়লা আফরোজ শোনান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ‘কান্না হাসির দোল-দোলানো পৌষ ফাগুনের পালা’ গানের সঙ্গে নূপুরের ঝংকার তোলেন নৃত্যশ্রীর শিল্পীরা। নাচ শেষে আবারও গানের পালা। বহ্নিশিখার শিল্পীরা গেয়ে শোনান ‘নাও ছাইড়া দে রে মাঝি/পাল উড়াইয়া দে’। এ গান শেষে পরিবেশিত হয় নজরুলের গান। ফেরদৌস আরা গেয়ে শোনান একাধিক গান। এরপর দলীয় সংগীত নিয়ে মঞ্চে আসেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যরা। তাঁরা গেয়ে শোনান ‘মোরা ধান কাটিবো কচাকচ’। এরপর মঞ্চে ওঠেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। সারি বেঁধে অনেকগুলো কণ্ঠ এক সুরে সুর মিলিয়ে গান গেয়ে শোনান। বিমল চন্দ্র বিশ্বাস শোনান ‘ছোটদের বড়দের সকলের’। এ ছাড়া একক কণ্ঠের পরিবেশনায় আরও ছিল খায়রুল আনাম ও কল্পনা আনামের গান। নটরাজের নৃত্যশিল্পীরা ‘আয় রে আয় কাটি কাটি ধান’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন। নবান্ন উৎসবের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানজার চৌধুরী।সকালের পর্বে অনুষ্ঠান শেষে মোয়া-খই-বাতাসা দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। শেষে ছিল নবান্ন শোভাযাত্রা। বটমূল থেকে বের হয়ে রমনার পাশের রাস্তা ধরে কিছুটা পথ ঘুরে আবার বটমূলেই তা শেষ হয়। বিকেলে উৎসবের দ্বিতীয় পর্বে ঢাকঢোল, বাউলগান, লাঠিখেলা, নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসব।