নবান্নে মাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ কেজির ওপরে একটি বোয়াল ক্রেতাদের সামনে তুলে ধরেছেন বিক্রেতা। ছবি: সোয়েল রানা
১০ কেজির ওপরে একটি বোয়াল ক্রেতাদের সামনে তুলে ধরেছেন বিক্রেতা। ছবি: সোয়েল রানা

বগুড়ার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশেই ইট বিছানো একটি পথ। মোড়ে দাঁড়াতেই বেশ দূর থেকে মাইকের শব্দ কানে ভেসে আসে। শুনতে পাওয়া যায় মাছ বিক্রির ডাক, ‘মাছ নেবেন মাছ। বড় বড় মাছ। জয়পুরহাটের নান্দাইল দিঘির মাছ। খুব স্বাদের মাছ।’

মাছ মেলায় ১৩ থেকে ১৪ কেজি ওজনের বোয়ালের দাম কেজিপ্রতি হাজার টাকা। ছবি: সোয়েল রানা
মাছ মেলায় ১৩ থেকে ১৪ কেজি ওজনের বোয়ালের দাম কেজিপ্রতি হাজার টাকা। ছবি: সোয়েল রানা

সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পঞ্জিকা অনুসারে আজ রোববার পয়লা অগ্রহায়ণ। দিনটি সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব হিসেবে উদ্‌যাপন করেন। প্রতিবছর এ উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে মাছের মেলা বসে। আর উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, বাকশন, রহবলসহ ১০ থেকে ১২টি গ্রামের মানুষের ঘরে ঘরে উৎসবের আয়োজন হয়। প্রতি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের দাওয়াত দেওয়া হয়। নবান্নে মেলা থেকে কেনা বড় মাছ ও নতুন সবজি দিয়ে আপ্যায়ন করা হয় অতিথি-স্বজনদের।

নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে মাছের মেলা বসে। ছবি: সোয়েল রানা
নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে মাছের মেলা বসে। ছবি: সোয়েল রানা

ইট বিছানো পথ ধরে এগিয়ে যেতেই গ্রামীণ পরিবেশ চোখে পড়ে। কাঁদা মাড়ানো পথ। একটু দূরেই বিপুল মানুষের সমাগম। সারি সারি মাছের পসরা সাজানো। মাছের দাম নিয়ে রীতিমতো হইচই। হচ্ছে চুলচেরা দরদাম।

ভিড় ঠেলে একটু এগোতেই দেখা গেল, বিশাল আকারের দুটি বাঘাইড় ও দুটি বোয়াল মাছ নিয়ে বসে আছেন এক বিক্রেতা। নাম মান্নান মিয়া। গাইবান্ধার বালাসীঘাট এলাকার বাসিন্দা। প্রথম আলোকে বলেন, ‘আটটি মাছ নিয়ে এসেছিলাম। চারটি বাঘাইড় ও চারটি বোয়াল। প্রতিটি বোয়ালের ওজন হবে ১৩ থেকে ১৪ কেজি, দাম কেজিপ্রতি হাজার টাকা। প্রতিটি বাঘাইড় মাছের ওজন ১০ থেকে ১৫ কেজির মতো। ৯০০ টাকা কেজি।

বিশাল আকৃতির একটি গাঙচিতল উঠেছে মেলায়। ছবি: সোয়েল রানা।
বিশাল আকৃতির একটি গাঙচিতল উঠেছে মেলায়। ছবি: সোয়েল রানা।

মেলায় নিজেদের মাছের ডালি নিয়ে এসেছেন অনেক বিক্রেতা। থরে থরে সাজানো রুই, কাতলা, মৃগেল, বিগ হেড কার্প, গ্রাস কার্প, কমন কার্প ও ব্ল্যাক কার্প মাছ। ব্যাপক উৎসাহের মাছ কিনছেন ক্রেতারা। মজার বিষয় হচ্ছে, যত দাম দিয়েই বেচাকেনা হোক না কেন, সবার মুখেই যেন বিজয়ের হাসি।

বিশাল আকৃতির একটি গাঙচিতল মাছ মাথায় তুলে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বগুড়ার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রতন চন্দ্র মহন্ত। প্রথম আলোকে বলেন, এই গাঙচিতল মাছের ওজন ১৩ কেজি। ১৫ হাজার টাকা দাম। এটি ছাড়াও নানা প্রজাতির প্রায় ৩০০ কেজি মাছ বিক্রির জন্য নিয়ে বসেছেন তিনি।

বিশাল আকারের কাতলা মাছ কিনে বিজয়ের হাসি ক্রেতার মুখে। ছবি: সোয়েল রানা
বিশাল আকারের কাতলা মাছ কিনে বিজয়ের হাসি ক্রেতার মুখে। ছবি: সোয়েল রানা

মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার সাতআনা চাকলমা গ্রামের শিহাব মিয়া প্রথম আলোকে বলেন, শতাধিক ব্যক্তি মাছ বিক্রির জন্য পসরা সাজিয়েছেন উথলিতে।

অতিথি আপ্যায়নের জন্য মাছ কিনতে মেলায় এসেছেন পল্লিচিকিৎসক সজল কুমার দেবনাথ। শিবগঞ্জ উপজেলার আমতলীর বাজর এলাকায় থাকেন তিনি। জানালেন, অনেক দিন ধরে এখানে নবান্ন উৎসব উপলক্ষে মেলা বসে। এক দিনের এই মেলায় নিত্যনতুন জিনিস পাওয়া যায়। প্রধান আকর্ষণ মাছ। দূরদূরান্ত থেকে মাছ কেনার জন্য ক্রেতারা ভিড় জমান।

দুটি বাঘাইড় ও দুটি বোয়াল নিয়ে বসেছেন এক ক্রেতা। ছবি: সোয়েল রানা
দুটি বাঘাইড় ও দুটি বোয়াল নিয়ে বসেছেন এক ক্রেতা। ছবি: সোয়েল রানা

এই নবান্ন উৎসবকে ঘিরে বিভিন্ন গ্রামের বাসিন্দারা বাড়ির আশপাশের পুকুরে সারা বছর ধরেই মাছ চাষ করেন। পুকুরের বড় বড় মাছ মেলায় বিক্রি করতে আনেন। ক্রেতাদের ক্রয়ক্ষমতাকে চিন্তা করে মাছের দাম ঠিক করেন তাঁরা। আর এলাকাবাসী তো আত্মীয়, তাঁদের কাছে এমনিতে দাম কম রাখেন বিক্রেতারা।