নবাব ছলিম উল্লা এখন কারাগারে
নাম তাঁর নবাব ছলিম উল্লা। ‘নবাবি’ করে ঘুরে বেড়ান। কেউ তাঁর বিরুদ্ধে কোনো কথা বললে ঠুকে দেন মামলা। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের চক আছিমপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত গাঁজা বিক্রি ও সেবনের দায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানায়, নবাব ছলিম উল্লা বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করে ছয় ভোট পেয়েছিলেন। এবার তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। ইতিমধ্যে এলাকায় পোস্টার ও লিফলেট ছাপিয়ে প্রচারণা শুরু করেছিলেন। তাঁর কোনো কাজের কেউ সমালোচনা করলে কিংবা কেউ কোনো বাধা দিলে তিনি তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আবার এসব মামলা আপস করে টাকা কামিয়ে নেন। তাঁর মামলায় আসামি হয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তি। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পাটলী ইউপির চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি একজন মামলাবাজ ও প্রতারক। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। গত বুধবার তাঁকে গাঁজাসহ আটক করা হয়। বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।