নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নাশকতাসহ তিনটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির মো. নূরে আলম সিদ্দিকীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করেছে।
নূরে আলম সিদ্দিকী আজ সোমবার রাতে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ মহিলা কলেজ মোড়ে তিনিসহ অন্য আসামিরা পথচারীদের মারপিট করে হাতবোমাসহ ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আহত করেন। এ অবস্থায় নূরে আলম সিদ্দিকীর স্বপদে বহাল থাকা জনস্বার্থের পরিপন্থী।
নূরে আলম সিদ্দিকী আজ সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক। এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না।
এর আগে গত বুধবার নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার চেয়ারম্যান মোরাদ আলীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মোরাদ আলী গাংনী পৌর বিএনপির সভাপতি।