নবাবগঞ্জ ও সোনারগাঁয়ে ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত সোমবার সন্ধ্যায় ঝড়ে বেশ কয়েকটি গ্রামের কাঁচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে এবং বোরো ফসল ও মৌসুমি ফলের ক্ষয়ক্ষতি হয়েছে।

আকস্মিক ঝড়ে নবাবগঞ্জ উপজেলার নয়াকান্দা, মালিকান্দা, মাসাইল, শোল্লা, শিকারীপাড়া, বান্দুরা, বারুয়াখালী বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। ঝড়ের পর নবাবগঞ্জের কাশিমপুর, বাগমারা, বান্দুরা, মহব্বতপুর, সাদাপুরসহ বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

উপজেলার নয়াকান্দা গ্রামের ইউনুস চৌধুরী, এছাক চৌধুরী ও আলী হোসেন চৌধুরীর বসতঘরের ওপর ৩০ বছরের পুরোনো শিমুলগাছ ভেঙে পড়ে। তিনটি ঘর বিধ্বস্ত হয়।

মহব্বতপুর গ্রামের গৃহবধূ নওরিন সুবর্ণা গতকাল বিকেলে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ঝড়ের পর থেকে আমাদের গ্রামে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। গ্রামবাসীর স্বার্থে অতিসত্বর বিদ্যুতের সমস্যা সমাধান করা উচিত।’

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, কর্মীরা কাজ করছেন। গতকাল সন্ধ্যার মধ্যে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হয়। শিগগির পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

 সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে সোমবার রাতেবৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড় হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঝড়ে একটি বিলবোর্ড ভেঙে পড়েছে, পিরোজপুর এলাকায় কয়েকটি দোকানের টিনের চাল উড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের খুঁটি পড়ে গেছে।

সোনারগাঁ পৌরসভার আম ও লিচুচাষি আলাউদ্দিন বলেন, তিনি দুই বিঘা জমিতে লিচু ও আমের চাষ করেছেন। সোমবার রাতের ঝড়ে তাঁর লিচু ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, শম্ভুপুরা ইউনিয়নের মনাইকান্দি ও সনমান্দী ইউনিয়নের ইমানেরকান্দিতে ঝড় ও বৃষ্টির কারণে বোরো খেতে পানির সঙ্গে কচুরিপানা উঠে যাওয়ায় ফসলের ক্ষতি এবং মৌসুমি ফলের কিছুটা ক্ষতি হয়েছে।