নবাবগঞ্জ-ঢাকা বেড়িবাঁধ সড়কে ভাঙন, যান চলাচল বন্ধ
নবাবগঞ্জ-ঢাকা বেড়িবাঁধ সড়কের মালিকান্দা এলাকায় বাঁধের বেশির ভাগ অংশ ভেঙে গেছে। বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার থেকে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উপজেলার লক্ষাধিক লোককে ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিকল্প পথে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে। গত রোববার সরেজমিনে মালিকান্দা এলাকায় গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধের বেশির ভাগ অংশ কালীগঙ্গা নদীতে ধসে পড়েছে। নদীর তীব্র স্রোতের চাপে মালিকান্দা সেতুটিও নদীগর্ভে চলে গেছে। বাঁধের আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কৈলাইল ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, দ্রুত সংস্কার করা না হলে বাকি অংশটুকু ভেঙে অনেক এলাকা প্লাবিত হবে। স্রোতের গতিপথ পরিবর্তন করা না গেলে ভাঙন রোধ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকা বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান বলেন, খুব কম ক্ষেত্রেই স্রোতের গতিপথ পরির্বতন করে ভাঙন রোধ করা সম্ভব। ভাঙনের তীব্রতা নির্ভর করে ভাঙনস্থলে নদীর গভীরতার ওপর। তিনি এলাকাটি পরিদর্শন করে বাঁধটি রক্ষার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।মালিকান্দা এলাকার বাসিন্দা মোকলেছুর রহমান বলেন, বাঁধটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাঁধের বাকি অংশ ভেঙে প্রায় শতাধিক বসতবাড়িসহ প্রায় এক হাজার একর ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে নবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বাঁশ ও বালুর বস্তা ফেলে বাঁধটি সংস্কার করা হয়। কিন্তু বছর না ঘুরতেই বাঁশ ও বালুর বস্তাসহ বাঁধের বেশির ভাগ অংশ নদীতে ধসে পড়েছে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৈলাইল, শোল্লা, নয়নশ্রী ও শিকারীপাড়া ইউনিয়নের বাসিন্দাদের ১৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে ঢাকা যাতায়াত করতে হচ্ছে। শোল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান বলেন, মালিকান্দা এলাকায় সড়কটি ভেঙে যাওয়ায় ওই চার ইউনিয়নের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।