ঢাকা-দোহার সড়কে নবাবগঞ্জ উপজেলার চালনাই বিল এলাকায় গাড়িতে ছিনতাইকালে ধরা পড়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারীর মৃত্যুর ঘটনায় নবাবগঞ্জ থানায় দুটি মামলা করা হয়েছে। এর একটিতে অজ্ঞাত ১২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারের আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।নবাবগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মোট দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা। এ মামলায় অজ্ঞাত ১২৫ জনকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দায়ের করা হয়েছে ছিনতাইয়ের ঘটনায়।এদিকে স্থানীয় সূত্র জানায়, থানায় মামলা হওয়ার পর ঘটনাস্থল চালনাই বিল এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। এলাকার অধিকাংশ পুরুষ গ্রেপ্তার এড়াতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে খোকন নামের একজন কনফেকশনারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালানোর সময় জনতা ধাওয়া করে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। আরেকজন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনই মারা যায়।