নবাবগঞ্জ শিশুপার্কে শিশুদের প্রবেশাধিকার সপ্তাহে দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামে শিশুপার্ক, আদতে শিশুদের প্রবেশাধিকার সংরক্ষিত। এই চিত্র পুরান ঢাকার নবাবগঞ্জ শিশুপার্কের l প্রথম আলো
নামে শিশুপার্ক, আদতে শিশুদের প্রবেশাধিকার সংরক্ষিত। এই চিত্র পুরান ঢাকার নবাবগঞ্জ শিশুপার্কের l প্রথম আলো

নবাবগঞ্জ শিশুপার্কের একটি অংশে গড়ে উঠেছে গণশৌচাগার, সরকারি চিকিৎসালয় আর শরীরচর্চাকেন্দ্র। পার্কে শিশুদের কোনো খেলনা বা বিনোদনের ব্যবস্থা নেই। নামেই শিশুপার্ক। সপ্তাহে মাত্র দুদিন শিশুরা পার্কের মাঠে খেলতে পারে।
নবাবগঞ্জ শিশুপার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। তবে পার্কের মূল ফটকে ঠিকানায় এখনো ‘৫৯ নম্বর ওয়ার্ড’ লেখা। মূল ফটক দিয়ে ঢুকে ডান পাশে শরীরচর্চাকেন্দ্র আর পাঠাগারের দ্বিতল ভবন। বাম পাশে গণশৌচাগার। ফটক পার হতেই দুর্গন্ধ নাকে ঝাপটা দিয়ে যায়। গতকাল রোববার গিয়ে দেখা যায়, পার্কের ভেতর গণশৌচাগারের সামনে অনেকে গোসল করছেন। শৌচাগারের পাশে হাজারিবাগ সরকারি হাসপাতালের বহির্বিভাগ। হাসপাতলের একতলা ভবনের পেছন দিকে সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলো সারি দিয়ে রাখা।
পার্কের বাকি অংশে ফাঁকা ময়দান। শিশুপার্ক হলেও শিশুদের খেলার কোনো সারঞ্জাম নেই পার্কে। এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘১২-১৩ বছর আগেও এইখানে বাচ্চাদের খেলার পরিবেশ ছিল। দোলনা-স্লিপার সবই ছিল।’ তিনি জানালেন, এখন শুধু সপ্তাহের শুক্রবার আর মঙ্গলবার শিশুরা পার্কের মাঠে খেলার সুযোগ পায়। এলাকার বয়স্ক ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে পার্কে বেড়াতে পারেন, তাই এই ব্যবস্থা। তবে কার নির্দেশে এমন নিয়ম করা হয়েছে, তা তিনি বলতে পারেননি।
গতকাল পার্কের ভেতর ছাগল চড়তে দেখা যায়। সীমানা দেয়াল ঘেঁষে জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ। কোনো নিরাপত্তারক্ষীকে পাওয়া যায়নি। একপাশে একদল শিশু প্লাস্টিকের বল হাতে দাঁড়িয়ে ছিল। তারাও বলল, আজকের দিনে (রোববার) তাদের পার্কে আসার অনুমতি নেই। চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম বলে, ‘অন্যদিন আইলে দারোয়ানে লাঠি লইয়া দৌড়ানি দেয়।’
২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, পার্কে শিশুদের খেলতে কোনো বাধা নেই। তাঁর দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন পরিচর্যার অভাবে পার্কের ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘পার্কের উন্নয়নের জন্য বাজেট হয়ে গেছে। অল্পদিনের মধ্যেই আধুনিকায়নের কাজ শুরু হবে।’