নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আওনা বাজারে শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আওনা বাজারে একটি মুদির দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় দোকানদার ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তার আগেই ফার্মেসি, কাপড়ের দোকান, মুদির দোকান ও ইলেকট্রনিকস শো-রুমসহ ১৪টি দোকান পুড়ে যায়।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। কিন্তু নবাবগঞ্জ ও পাশের দোহার থানায় ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।