নবাবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের নয় একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গতকাল সোমবার বেলা ১১টার দিকে উচ্ছেদ করা হয়েছে। এ সময় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে বন বিভাগ।
জানতে চাইলে দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, উপজেলার হরিপুর বিটের বড় রঘুনাথপুর মৌজায় বন বিভাগের নয় একর জায়গায় অবৈধভাবে ছয়টি বাড়ি ও ভুট্টার আবাদ করা হয়। খবর পেয়ে দিনাজপুর বন বিভাগের একটি দল উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় ওই ছয়টি বাড়ি উচ্ছেদ করে। তিনি বলেন, এ সময় চেরাগপুর গ্রামের আশেক আলী নামের এক ব্যক্তি অভিযানে বাধা দেন। মনিরুজ্জামান আরও বলেন, আশেক আলী বনের জমি অবৈধভাবে দখল করে বিক্রি করেন। তাঁর বিরুদ্ধে বন বিভাগের মামলাও রয়েছে।
বিকেলে মুঠোফোনে জানতে চাইলে দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুজ্জামান শাহ্ বলেন, এ ঘটনায় দিনাজপুর আদালতে আশেক আলীর বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।