নবাবগঞ্জে আ.লীগ প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিল নিয়ে ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে।  প্রথম আলো
মিছিল নিয়ে ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে। প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বেলা ১১টায় মিছিলসহকারে গিয়ে ঢাকার নবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮–এর আচরণ বিধিমালার (১৮) ধারা অনুযায়ী কোনো প্রার্থী ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহকারে মিছিল কিংবা মশাল মিছিল বের করতে পারবেন না কিংবা কোনো রকমের শোডাউন করতে পারবেন না। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী সাতজনের বেশি লোক সঙ্গে নিতে পারবেন না।

গতকাল বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মীকে নিয়ে ‘নৌকা নৌকা’ স্লোগানে মিছিলসহকারে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে যান সালমান এফ রহমান। ১০ জন নেতা–কর্মী নিয়ে ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের কার্যালয়ের ভেতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের এমডি মোহাম্মদ নূর আলী, সাবেক সাংসদ সুবেদ আলী, হারুন অর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সালমান এফ রহমানের ছেলে সায়েন এফ রহমান প্রমুখ।

জানতে চাইলে সালমান এফ রহমান আচরণবিধি লঙ্ঘনের কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো রকমের মিছিল বা শোডাউন করিনি। সাতজনের বেশি লোক সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করিনি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-১ আসনের রিটার্নিং কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

যোগাযোগ করলে ইউএনও তোফাজ্জল হোসেন প্রথমে আচরণবিধি ভঙ্গ হয়নি বলে জানান। পরে আবার যোগাযোগ করলে তিনি বলেন, তিনি কার্যালয়ের ভেতরে ছিলেন। বাইরের বিষয়টি পুলিশ দেখেছে।