ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতির মালিকানাধীন মার্কেট ও ক্লিনিকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এ ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সপক্ষে লেখা কিছু পোস্টার ও ব্যানার চুড়াইন বাজারে টানানো ছিল। সমাবেশ শেষে তারা সেগুলো ছিঁড়তে শুরু করলে পুলিশ এসে তাদের মধ্য থেকে রুবেল, রাজীব ও কাউসার নামের তিনজনকে আটক করে।চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা আবুল হোসেনের মালিকানাধীন একটি মার্কেট ও একটি ক্লিনিকে ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। এ ব্যাপারে আবুল হোসেন অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে মিছিল করে তাঁর ক্লিনিক ও মার্কেটে ভাঙচুর করেছে। তিনি মামলা করার কথা ভাবছেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে।