নবাবগঞ্জে আমনে লেদা পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধানখেতে শিষ কাটা লেদা পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমনে উপজেলা কৃষি বিভাগের অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কৃষি কর্মকর্তারা বলছেন, এ সময়ে ধানখেতে লেদা পোকা দমনে কোনো ব্যবস্থাপত্র নেই কৃষি বিভাগের।উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. রায়হানুল ইসলাম জানান, মামুদপুর ইউনিয়নের চকনওদা মৌজায় তাঁর নয় বিঘা জমিতে এ পোকার আক্রমণ দেখা দিয়েছে। খরার কারণে ৫ নভেম্বর তিনি জমিতে সেচ দিয়েছেন। তখনো তিনি খেতে পোকা দেখেননি। কিন্তু ঈদের এক দিন পর জমিতে গিয়ে দেখেন, লেদা পোকা মাত্র তিন দিনে তাঁর জমির সব ধানের শিষ কেটে দিয়েছে। তিনি জানান, ১৫ দিন পরই তিনি ধানগুলো কাটতেন। তিনি অভিযোগ করেন, বিষয়টি কৃষি অফিসে জানানোর পর উপসহকারী কর্মকর্তা ছাড়া কোনো কর্মকর্তা তাঁর জমিটি পরিদর্শন করতে আসেননি। উপসহকারী কৃষি কর্মকর্তা আ. হাকিম তাঁকে খেতে মই দেওয়ার পরামর্শ প্রদানের পাশাপাশি বিষয়টি সাংবাদিকদের না জানাতে অনুরোধ করেন।উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল লতিফ দাবি করেন, ওই জমিতে ব্যাপকভাবে পোকা আক্রমণ করেনি। ওই কৃষককে কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তিনি জানান, গত এক মাস আগে গোলাপগঞ্জ ইউনিয়নের আলোরধতি গ্রামে চার-পাঁচ বিঘা জমিতে প্রথম এ পোকার আক্রমণ দেখা দিয়েছিল। কৃষকেরা তৎক্ষণাৎ এটি নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় আমনখেতে লেদা পোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের তেমন কিছু করার নেই বলে তিনি জানান।কৃষি কর্মকর্তার এ ধরনের বক্তব্য নাকচ করে দিয়ে ক্ষতিগ্রস্ত রায়হানুল ইসলাম বলেন, তাঁকে কোনো কৃষি কর্মকর্তা কোনো কীটনাশক ব্যবহারের পরামর্শ দেননি।দাউদপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. ওয়াসিম কামাল জানান, রায়হানুল ইসলামের মতো তাঁরও এক একর জমি, সফিকুল ইসলামের দুই একর এবং তাঁর ভাই সহিদুল ইসলামের এক একর জমির পাকা ধান লেদা পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। এলাকার কৃষকেরা জানান, গত ৩০-৪০ বছরেও এ ধরনের পোকার আক্রমণ দেখা যায়নি। এ পোকা মূলত আলুগাছে আক্রমণ করে। এ পোকা কোনো ওষুধে মরে না। ধানখেতে আক্রমণ করলে দু-এক রাতের মধ্যেই ধানের সব শিষ কেটে ফেলে। মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তছলিম উদ্দিন জানান, লেদা পোকার আক্রমণের কারণে তাঁর ওয়ার্ডের শত শত একর জমির পাকা আমন ধান কাটার প্রয়োজন হবে না।দিনাজপুর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, এ মুহূর্তে কৃষকদের উচিত হবে ধান পেকে গেলে বাঁশ দেওয়া, বেশি পেকে গেলে কেটে ফেলা, দেরি থাকলে কীটনাশক ছিটানো। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী উপজেলার এক কৃষি কর্মকর্তা জানান, কৃষি বিভাগের উচিত দ্রুত ওই জমির চারপাশে নালা তৈরি করে সেখানে পানি জমা করা। পোকাগুলো উড়ে এসে পানিতে পড়ে মরে যাবে। অন্য জমিতে ছড়িয়ে পড়বে না। অন্যথায় এই পোকা ছড়িয়ে পড়লে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান।