স্থানীয় সাংসদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
পরে তাঁরা ইউএনওর অপসারণের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও ভাদুরিয়া বাজারে গাছের গুঁড়ি ফেলে দিনাজপুর-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
স্থানীয় সাংসদ শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম প্রথম আলোকে বলেন, এলাকার উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করতে গতকাল বেলা ১১টার দিকে সাংসদ ইউএনওর কার্যালয়ে যান। কার্যালয়ে প্রবেশ করার পর ইউএনও সাংসদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। ইউএনওর আচরণে সাংসদের সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে সাংসদ ইউএনওর কার্যালয় থেকে বের হয়ে চলে যান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর আলম বলেন, সাংসদ চলে যাওয়ার পর নেতা-কর্মীরা ইউএনওকে বেলা দুইটা পর্যন্ত অবরোধ করে রাখেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা ভাদুরিয়া বাজারে দিনাজপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, অবরোধ করায় ওই মহাসড়কের দুই দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
গতকাল রাতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, উত্তেজনা ছড়িয়ে পড়ার আগেই পুলিশ মোতায়েন করে দলীয় নেতা-কর্মীদের উপজেলা পরিষদ এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউএনও ফরহাদ হোসেন সাংসদের সঙ্গে কোনো ধরনের অসহযোগিতা করার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কিছু লোক স্থানীয় সাংসদকে ভুল বুঝিয়ে তাঁর সঙ্গে দূরত্ব সৃষ্টির চেষ্টা করে আসছে। তাই কথাবার্তার একপর্যায়ে সাংসদ ভুল বুঝে তাঁর কক্ষ থেকে চলে যান।